শিক্ষকদের অপরাজনীতির কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের অপরাজনীতির কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি মাঠে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহীদ আহসানউল্লাহ মাস্টার ফাউন্ডেশন এ সংবর্ধনার আয়োজন করে।যোগাযোগমন্ত্রী বলেন, শিক্ষকেরা এখন অপরাজনীতি করেন। ফলে শিক্ষার কোয়ান্টিটি (পরিমাণ) বাড়লেও কোয়ালিটি (গুণগত মান) বাড়ছে না। চিকিৎসকেরাও রাজনীতি করেন। তাই রোগীরা সেবা পান না। আদালতেও আজ নোংরা রাজনীতি ঢুকে পড়েছে।হরতাল প্রত্যাহারে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, ‘হরতাল করলে বিদ্যুতের দাম কমবে না। হরতাল জনদুর্ভোগ বাড়ায়। এ দেশে অনেক হরতাল হয়েছে। আমরাও হরতাল করেছি। কিন্তু হরতালের মাধ্যমে সরকারের পতন হয়েছে, এমন নজির নেই।’যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘আমরা সমুদ্র জয় করেছি। এখন কাজ হচ্ছে মানুষের মন জয় করা। তাই আগামী এক বছর আমাদের আলোচ্যসূচি হবে মানুষের মন জয় করা।’যোগাযোগমন্ত্রী জানান, গাজীপুর ও টঙ্গীর মানুষের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং টঙ্গী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত দ্রুতগামী বিআরটিএ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ডিসেম্বর মাসে এ সার্ভিসের কাজ শুরু করা হবে। এটা চালু হলে প্রতি ঘণ্টায় ৪০ হাজার যাত্রী আনা-নেওয়া করা যাবে।গাজীপুর-২ আসনের সাংসদ মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাবেক এমপি কাজী মোজামেঞ্চল হক, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ আফাজ উদ্দিন, গাজীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।