শিক্ষকদের অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বিভাগে পর্যাপ্ত স্থান বরাদ্দের দাবিতে গতকাল মঙ্গলবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন বিভাগের শিক্ষকেরা। পরে উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া ঈদের ছুটির পর ওই বিভাগের জন্য পর্যাপ্ত স্থান বরাদ্দ দেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারী শিক্ষকেরা অবস্থান ধর্মঘট স্থগিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলা বিভাগের শিক্ষকদের কয়েকজনের বসার কক্ষ, ভান্ডারকক্ষ, শিক্ষার্থীদের সেমিনারকক্ষ এবং বিভাগীয় প্রধানের জন্য আলাদা কক্ষ বরাদ্দ নেই। এ ছাড়া, বিভাগীয় কার্যালয়কক্ষ খুব ছোট। কয়েকটি কক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষকদের বসতে হয়। এসব কারণে পর্যাপ্ত স্থান বরাদ্দের দাবিতে বাংলা বিভাগের শিক্ষকেরা বেলা ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তাঁরা উপাচার্যের কার্যালয়ের ঢোকার প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। এতে উপাচার্য তাঁর কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। দাবি পূরণে উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা বেলা একটায় ধর্মঘট প্রত্যাহার করেন।
আন্দোলনকারী শিক্ষকেরা জানান, যথেষ্ট স্থান বরাদ্দের জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেশ কয়েক মাস থেকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন। এ ছাড়া, গত ৩০ এপ্রিল বিভাগীয় প্রধান আবদুর রহিম চিঠি দিয়ে স্থান বরাদ্দ কমিটির সভাপতিকে জানিয়েছেন। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় অনেকটা বাধ্য হয়েই অবস্থান ধর্মঘট পালন করছেন। পরে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান আশ্রাফুল করিমসহ কয়েকজন শিক্ষকের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য।
উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া বলেন, ‘ঈদের ছুটির পর কাগজপত্র দেখে স্থান বরাদ্দের ব্যাপারে ব্যবস্থা নেব।’