সরকারি বিদ্যালয়ে ভর্তির কাজে নিয়োজিত শিক্ষকেরা অভিযোগ করেছেন, চার বছর ধরে তাঁরা তাঁদের প্রাপ্য সম্মানী থেকে বঞ্চিত। তাঁরা বলছেন, নিয়মবহির্ভূতভাবে জেলা প্রশাসন তাঁদের পাওনা টাকা আদায় করছে। সেখান থেকে নামমাত্র একটি অংশই তাঁদের দেওয়া হচ্ছে।সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি গতকাল সোমবার সম্মানী ভাতাসহ নয় দফা বাস্তবায়নের দাবি জানিয়ে ভর্তি কমিটির সভাপতি ও সদস্যসচিবের কাছে চিঠি দিয়েছেন।এ ব্যাপারে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মহাসচিব মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষার ফি, পরীক্ষাবিষয়ক খরচ, কমিটি নিযুক্ত কর্মকর্তাদের সম্মানী ছাড়া বাকি অর্থ সংশ্লিষ্ট বিদ্যালয়ের তহবিলে থাকার কথা। সেখান থেকেই শিক্ষকদের সম্মানী দেওয়ার বিধান রয়েছে। কিন্তু চার বছর ধরে ভর্তি ফি বাবদ আদায় করা অর্থের ৫০ শতাংশ সরাসরি জেলা প্রশাসকের কার্যালয় গ্রহণ করছে। এখান থেকে মাত্র ১৫ শতাংশ দেওয়া হচ্ছে শিক্ষকদের। এভাবে চার বছর আদায় করা প্রায় অর্ধকোটি টাকার হিসাব চাই আমরা।’এ বিষয়ে ভর্তি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. সাঈদুর রহমান বলেন, ‘ভর্তি কমিটির সদস্যসচিবের কাছে এ ধরনের দাবি জানানোর কথা শুনেছি। কিন্তু ভর্তিপ্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে তাঁদের অভিযোগ দেখার সুযোগ পাইনি। তাই এ নিয়ে মন্তব্য করা সম্ভব হচ্ছে না।’সহকারী শিক্ষক সমিতির অন্যান্য দাবির মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালার আলোকে গঠিত কমিটির উপস্থিতি ও তত্ত্বাবধানে খাতা মূল্যায়ন, ফলাফল তৈরি, কমিটি-বহির্ভূত লোকের খবরদারি বন্ধ, ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে শিক্ষকদের সম্মানী প্রদান, ভর্তিপ্রক্রিয়ায় স্বাধীনভাবে কাজের সুযোগ উল্লেখযোগ্য।শিক্ষক সমিতির অভিযোগ, ভর্তি কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী অনেককেই অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি বেশি দেখা যায়।মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, জেলা পর্যায়ে আট সদস্যবিশিষ্ট ভর্তি কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক। সদস্য হিসেবে থাকবেন সিভিল সার্জন, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা সদরের সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তাঁর মনোনীত প্রতিনিধি (সহকারী অধ্যাপক পর্যায়ের নিচে নয়), আঞ্চলিক উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা সদরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠতম প্রধান শিক্ষক।নয় দফা দাবি বাস্তবায়ন প্রসঙ্গে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মহাসচিব মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসকের সঙ্গে আলোচনায় ইতিবাচক সমাধান না হলে আমরা মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেব।’