
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নির্মাণকাজ শেষ হয়েছে ১০ মাস আগে। শিক্ষার্থীদের জন্য হলে প্রয়োজনীয় আসবাবও সরবরাহ করা হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, শিক্ষকদের অসহযোগিতার কারণে হলটি চালু করা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ এনে গত ১ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে অসহযোগিতার কর্মসূচি ঘোষণা করে। এ কারণে হলে সিট বরাদ্দের সাক্ষাৎকার স্থগিত করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে উপাচার্য এ কে এম নূর-উন-নবী প্রথম আলোকে বলেন, যে মুহূর্তে হলটি চালু করার উদ্যোগ নেওয়া হলো, ঠিক সেই মুহূর্তে শিক্ষক সমিতি অসহযোগিতা কর্মসূচির ডাক দিল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা ছাড়াই ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। গত বছর ছাত্রীদের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল নির্মাণ করা হয়। ৩৩৩ সিটের এই হল নির্মাণের পর ছাত্রীদের আবাসন সমস্যা কিছুটা হলেও লাঘব হয়েছে। কিন্তু ছাত্রদের জন্য এত দিন কোনো হল ছিল না। ফলে রংপুর শহরের বিভিন্ন মেসে কষ্ট করে থাকতে হচ্ছে ছাত্রদের। এখন হল নির্মাণের পর শিক্ষকদের অসহযোগিতার কারণে আবাসন সুবিধা পেতে জটিলতা তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ২৩৬ আসনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলটি চালু হলে আবাসন সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। এ ছাড়া ছাত্রদের জন্য শহীদ মুখতার ইলাহী নামে আরেকটি হলের নির্মাণকাজও প্রায় শেষের পথে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু হলের নির্মাণকাজ শেষ হওয়ার পর শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। গত ২৬-৩০ অক্টোবর হলে সিট বরাদ্দের জন্য শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হয়। পরে তারিখ পরিবর্তন করে ২ ও ৩ নভেম্বর করা হয়। কিন্তু শিক্ষকদের পদোন্নতি জটিলতা নিরসনসহ নানা দাবিতে প্রশাসনিক কার্যক্রমে অসহযোগিতা কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি। ফলে প্রশাসন অনিবার্য কারণ দেখিয়ে শিক্ষার্থীদের সাক্ষাৎকার স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের অভিযোগ, অগ্রাধিকারভিত্তিতে যাঁরা পুরোনো ও মেধাবী শিক্ষার্থী, তাঁদের মধ্যেই হলের কক্ষ বরাদ্দ হওয়ার কথা। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীসহ কয়েকটি ছাত্রসংগঠন বিভিন্ন সময় আন্দোলন করে উপাচার্যের কাছে স্মারকলিপিও দিয়েছেন। কিন্তু এর পরও হলটি চালু করা হয়নি।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনোয়ার হোসেন বলেন, ‘আমরা আন্দোলন করেছি। অবিলম্বে হল চালুর দাবি জানাচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকেরা ঠিকই আন্দোলন করছেন। কিন্তু শিক্ষার্থীদের আবাসন সমস্যার ব্যাপারে তাঁদের তেমন মনোযোগ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনও সাধারণ শিক্ষার্থীদের দিকে নজর কম দেয় বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি সাইদুল হক বলেন, ‘ন্যায়সংগত দাবি নিয়ে আমাদের অন্দোলন চলছে। প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা থেকে বিরত রয়েছেন শিক্ষকেরা। এ কারণে হল চালু করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে।
হলের সহকারী প্রভোস্ট শফিকুর রহমান বলেন, অনিবার্য কারণবশত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ স্থগিত করা হয়েছে। তবে শিগগির শিক্ষার্থীদের আবেদন অনুযায়ী সাক্ষাৎকার নেওয়া হবে।