শিক্ষা ছুটি ও পদোন্নতির নীতিমালা সংশোধনের দাবি ২০ জুন সিন্ডিকেটের সভায় উত্থাপন করা হবে—এমন আশ্বাস পেয়ে আন্দোলন থেকে সরে দাঁড়াল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ফলে আজ মঙ্গলবার থেকে সব বিভাগে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও পরিসংখ্যান বিভাগের প্রধান দুলাল চন্দ্র নন্দী গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত রোববার থেকে দাবি বাস্তবায়নের জন্য শিক্ষকদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি শুরু হয়।
সভাপতি বলেন, শিক্ষক সমিতির আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেটের সভার তারিখ ঘোষণা করেছে। এরই পরিপ্রেক্ষিতে ২০ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত করা হলো। সিন্ডিকেটের সভায় শিক্ষকদের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত না হলে ঈদের ছুটির পর শিক্ষকদের সাধারণ সভা ডেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচি প্রত্যাহার হওয়ায় মঙ্গলবার থেকে সব ক্লাস ও পরীক্ষা হবে।