শিক্ষকদের আন্দোলনে পরীক্ষার্থীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের আন্দোলনের মুখে ভোগান্তিতে পড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তৃতীয় ও শেষ বর্ষের প্রায় দেড় হাজার শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে পরীক্ষা না হওয়ায় সেশনজটের পাশাপাশি তাঁরা বিভিন্ন চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, গত এপ্রিল-মে মাসে পুরকৌশল বিভাগের একাধিক শিক্ষকের বিরুদ্ধে ব্লগ ও ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ক্যাম্পাসে আপত্তিকর স্লোগান এবং তড়িৎ ও ইলেকট্রনিক বিভাগের এক শিক্ষকের সাইকেলে লাথি মারার প্রতিবাদে শিক্ষক সমিতির সভায় গত ৬ মে থেকে ২০ জুন পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাস ও পরীক্ষার দাবিতে ২০ জুন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেন। ওই দিন সন্ধ্যায় শিক্ষক সমিতি সভার মাধ্যমে ২৩ জুন থেকে ক্লাস চালুর ঘোষণা দিলেও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে ২৩ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে প্রতিদিন ১০ মিনিট করে অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এরপর ১৭ জুলাই সভা করে সমিতি ১৮ আগস্ট পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নেয়।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, ‘ঘটনার প্রতিকার না পাওয়া পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে না। অভিযোগের ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য ১৮ আগস্ট পর্যন্ত সময় দিয়েছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অসহযোগিতা করার কর্মসূচিও অব্যাহত রয়েছে। যদি এতে কাজ না হয়, তবে ১৮ আগস্টের পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) জি এম শহিদুল আলম বলেন, শিক্ষক অবমাননার ঘটনায় ১৯ জন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। ওই পাঁচজন ২৮ এপ্রিল উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করলে আদালত শাস্তি প্রদানের আদেশটি স্থগিত করে তাঁদের সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণ, ফলাফল প্রকাশ, ক্লাস করতে দেওয়া ও সব সুযোগ-সুবিধা অব্যাহত রাখার আদেশ দেন। পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আহমেদ পাশা বলেন, ‘দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে উঠে গেছে। আমরা এখনো শেষ বর্ষে উঠতে পারলাম না। এর মধ্যে তিন-চার মাস পিছিয়ে পড়লাম।’ উপাচার্য মুহাম্মদ আলমগীর বলেন, ‘শিক্ষক সমিতি যেসব অভিযোগ দিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার মধ্যে কোনোটির বিষয়ে ব্যবস্থা নিয়েছে, আবার কোনোটি তদন্তাধীন রয়েছে। আমি শিক্ষকদের এ বিষয়গুলো বলেছি।’