শিক্ষকদের আন্দোলনে ফের অচল, সেশনজটের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ছাত্রলীগের তাণ্ডবের কারণে কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেড় মাস ধরে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এরপর পূজা ও ঈদ উপলক্ষে ২৫ দিন বন্ধ থাকার পর ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয় খোলা হয়।ওই দিন থেকে শিক্ষক সমিতি উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম আবারও বন্ধ হয়ে যায়। একই কারণে স্থগিত হয়ে গেছে ভর্তি পরীক্ষা। এভাবে চলতে থাকায় ভয়াবহ সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯২টি পদের বিপরীতে বিভিন্ন দপ্তরে ১১২ জন কর্মচারী নিয়োগ দেয়। এসব পদে নিয়োগের জন্য কর্তৃপক্ষকে একটি তালিকা দিয়েছিলেন ছাত্রলীগের নেতারা। কিন্তু সে অনুযায়ী নিয়োগ না দেওয়ায় সংগঠনটির নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও গাড়িতে বোমা হামলা চালান। তাঁদের এ তাণ্ডবের কারণে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। এ সময় উপাচার্য, সহ-উপাচার্যসহ কর্তাব্যক্তিরা নিয়মিত না আসায় প্রশাসনিক কর্মকাণ্ডে নেমে আসে স্থবিরতা। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ দুর্গাপূজা ও ঈদের নির্ধারিত ছুটির আট দিন আগে ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।১০ নভেম্বর বিশ্ববিদ্যালয় খোলে। ওই দিনই শিক্ষক সমিতি উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁদের পদত্যাগের দাবি করে। এই দাবিতে শিক্ষকেরা সব ধরনের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলী বলেন, ‘বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে চাকরি-বাণিজ্যের কারখানায় পরিণত করেছে। আমরা এ দুর্নীতিবাজ প্রশাসনের কর্তাব্যক্তিদের পদত্যাগ দাবি করছি। তাঁরা পদত্যাগ না করলে আমাদের ক্লাস, পরীক্ষাসহ সব কার্যক্রম বর্জনের কর্মসূচি অব্যাহত থাকবে।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই মাস ধরে বন্ধ থাকায় কোনো বিভাগেই কোনো ক্লাস হয়নি এবং ২২টি বিভাগের বিভিন্ন বর্ষের চার শতাধিক চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকদের আন্দোলনের কারণে অধিকাংশ বিভাগেই এখন কোনো ক্লাস-পরীক্ষা হচ্ছে না। এতে দুই বছরের সেশনজটে পড়বেন বলে শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন।নাম প্রকাশ না করার শর্তে আইন বিভাগের এক ছাত্র বলেন, ‘নিয়োগকে কেন্দ্র করে শিক্ষকদের কাছে এখন আমরা জিম্মি হয়ে আছি। দীর্ঘদিন ধরে ক্লাস ও পরীক্ষা না হওয়ায় আমরা ভয়াবহ সেশনজটে পড়তে যাচ্ছি।’ অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রী সুমাইয়া রেহমান বলেন, ‘আমরা অতি দ্রুত এ অচলাবস্থার অবসান চাই।’উপাচার্য এম আলাউদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়কে সচল করতে তাঁদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাঁর পদত্যাগের ব্যাপারে শিক্ষক সমিতির দাবির প্রসঙ্গে তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষার্থীর কথা চিন্তা করে সরকার যেটা ভালো মনে করবে, তিনি সেটাই করবেন।