শিক্ষকদের আন্দোলনে সিন্ডিকেট সভা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে সরকার-সমর্থিত শিক্ষক ফোরামের একাংশের আন্দোলন চলছেই। গতকাল সোমবার তাঁরা উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা মেরে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন।
অব্যাহত এ আন্দোলনের মুখে গতকাল পূর্বনির্ধারিত সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়নি। আর ক্যাম্পাসে স্থিতিশীলতা রক্ষায় এ আন্দোলন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কয়েক শ শিক্ষার্থী।
বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভা ও তিনটি বিভাগের বাছাই বোর্ড হওয়ার কথা ছিল। উপাচার্যের কার্যালয়ে শিক্ষকেরা তালা মেরে রাখার কারণে এগুলো হয়নি। সকাল আটটায় শুরু করে সন্ধ্যা ছয়টায় গতকালের মতো কর্মসূচি শেষ করেন আন্দোলনকারী শিক্ষকেরা।
উপাচার্য আমিনুল হক ভূইয়া বলেন, ‘সিন্ডিকেট সভাটি করতে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকের চাপ ছিল। এরপরও বিশ্ববিদ্যালয়ের কিছু শুভানুধ্যায়ীর পরামর্শে সভাটি বাতিল করেছি।’ সরকার-সমর্থিত শিক্ষক ফোরামের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’-এর যুগ্ম আহ্বায়ক মস্তাবুর রহমান বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে তা শেষ হয়।
আরেকজন সহকারী প্রক্টর নিয়োগ: পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রভাষক মো. শাকিল ভূইয়াকে নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে এক দাপ্তরিক আদেশে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়।