শিক্ষকদের আন্দোলনের কারণে আটকে আছে অবসর ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর চাকরির মেয়াদ গত জুনে শেষ হলেও তাঁরা অবসর ভাতা পাননি। তাঁদের ভাতাসংক্রান্ত সুপারিশের জন্য গতকাল বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির বিশেষ সভা আহ্বান করা হয়েছিল। কিন্তু আন্দোলনকারী শিক্ষকদের আপত্তির কারণে সভা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের।
এ ব্যাপারে আন্দোলনকারী শিক্ষকদের অন্যতম নেতা ও অর্থ কমিটির সদস্য অধ্যাপক মো. আমির হোসেন বলেন, ‘বিশেষ সভায় আমরা উপস্থিত থাকতে রাজি হয়েছি। কিন্তু উপাচার্য থাকলে আমরা সেখানে যাব না।’
অবসর ভাতা না পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন অধ্যাপক, আটজন কর্মকর্তা ও ১৪ জন কর্মচারী রয়েছেন। কয়েকজন শিক্ষক-কর্মকর্তা জানান, একজন অধ্যাপকের ৪৮ লাখ টাকা অবসর ভাতা পাওয়ার কথা। এই টাকা তিনি যদি কোনো ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখতেন, তাহলে প্রতি মাসে ৪৮ হাজার টাকা করে পেতেন। এই হিসাব অনুযায়ী তিন মাসে একজন অধ্যাপকের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুহম্মদ আবদুল মালেক বলেন, ‘চাকরির মেয়াদ শেষ হওয়ার তিন মাস পার হলেও অবসর ভাতা পাচ্ছি না। বিষয়টি সমাধানের জন্য ব্যক্তিগতভাবে অনেককে অনুরোধ করেছি, কোনো লাভ হয়নি।’
বিশ্ববিদ্যালয়ের হিসাব নিরীক্ষকের কার্যালয়ের কর্মকর্তারা জানান, গত আগস্ট মাসের শুরুর দিকে ২৫ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর অবসর ভাতাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো হয়। এই কাগজপত্র সেখান থেকে পাঠানো হবে অর্থ কমিটিতে। এরপর অর্থ কমিটির সুপারিশ পাস হবে সিন্ডিকেট সভায়। কিন্তু সর্বশেষ অর্থ কমিটির সভা হয় ২৮ মে এবং সিন্ডিকেট সভা ৫ জুন। এরই মধ্যে উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষকেরা আন্দোলন শুরু করলে দুবার অর্থ কমিটির সভা ও তিনবার সিন্ডিকেট সভা স্থগিত হয়। আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে পাঁচজন সিন্ডিকেট সদস্য। তাঁরা আনোয়ার হোসেনের সঙ্গে কোনো সিন্ডিকেট সভায় যোগ দেবেন না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের জানান, আন্দোলনকারী শিক্ষকেরা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অর্থ কমিটির কোনো সভা না করার অনুরোধ করেছেন। এর মধ্যে আলোচনা করে সমঝোতায় পৌঁছাতে পারলে অর্থ কমিটির সভা হবে।
জানতে চাইলে সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মুহম্মদ হানিফ আলী বলেন, ‘যদি সহ-উপাচার্যের (শিক্ষা) সভাপতিত্বে কোনো সভা হয়, তাহলে আমরা সেই সভায় যোগ দেব।’
উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। তদন্ত কমিটি আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখছে। আন্দোলনকারীদের এই স্বেচ্ছাচারী কর্মকাণ্ড কাম্য নয়।’