শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবিদাওয়া পর্যায়ক্রমে মেটানো হবে। আগামী জানুয়ারি মাস থেকে তাঁদের টাইম স্কেল ও এমপিওর টাকা নিয়মিতভাবে দেওয়া হবে। গতকাল চট্টগ্রামের মুরাদপুরে এক মতবিনিময় সভায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে তিনি এসব কথা বলেন। দুপুরে মুরাদপুরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মিলনায়তনে ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। এর আগে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘সাম্প্রতিক বিশ্ব ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারেও তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, ‘বিশ্বমানের, আধুনিক বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষ নতুন প্রজন্ম গড়ে তোলাই বর্তমান শিক্ষানীতির লক্ষ্য। যে শিক্ষা শিক্ষার্থীর মধ্যে নৈতিক মূল্যবোধের জাগরণ ঘটাতে ও দেশপ্রেম জাগাতে পারে, আমরা শিক্ষানীতিতে তারই প্রতিফলন ঘটাতে চেয়েছি।’বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপসচিব মাহবুব হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ইতিকণা দে, বিজয় সরণি কলেজের শিক্ষক মো. জাহাঙ্গীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আজিজ উদ্দিন, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি ও চট্টগ্রাম শিক্ষা বোর্ড কমিটির সদস্য জ্যোতি প্রকাশ, বোর্ডের সচিব মুহম্মদ নুরুল হুদা প্রমুখ। মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবিদাওয়া পর্যায়ক্রমে মেটানোর আশ্বাস দেন। সকালে সেমিনারে তিনি বলেন, সরকার শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করছে। এ কারণে বর্তমান সরকারের উদ্যোগে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো চালু করার প্রক্রিয়া চলছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী।সেমিনারে বিভিন্ন বিষয়ের ওপর পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক মুহীবুল আজিজ, জিনবোধি ভিক্ষু, মো. হানিফ সিদ্দিকী, মো. এনায়েত উল্যা পাটওয়ারী ও রেজাউল করিম। এ অধিবেশনে সভাপতিত্ব করেন সমাজতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক হাসানুজ্জামান চৌধুরী।সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য ও ইউজিসির আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, সাবেক উপাচার্য এ জে এম নুরউদ্দিন চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত, জ্যেষ্ঠ শিক্ষক নুরুল মোস্তফা, কবি ও সাংবাদিক আবুল মোমেন প্রমুখ।