শিক্ষকদের উদাসীনতায় চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে নকল বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ বছরের জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় মোট ২৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এদের সবাই প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষক ও পর্যবেক্ষকদের উদাসীনতার কারণেই এরা নকলের দিকে ঝুঁকেছে বলে ধারণা করা হয়। গত বৃহস্পতিবার নয় দিনব্যাপী পরীক্ষা শেষ হয়।চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি, অষ্টম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষায় নকল করার কথা ভাবতেও পারে না। তাই এ ক্ষেত্রে নকলের নজিরও কম। এবারও শহরের বিদ্যালয়গুলোতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও যথাযথ পরিচর্যার অভাবে তারা এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারছে না। এ বছরে এসব অঞ্চলের ২৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।’নকলের প্রবণতা বন্ধে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক ও পর্যবেক্ষদের তৎপরতা বাড়ানোর ওপর জোর দেন পরীক্ষা নিয়ন্ত্রক। শিক্ষকেরা শ্রেণীকক্ষে ছাত্রদের উদ্বুদ্ধ করার পাশাপাশি কেন্দ্রে গিয়ে পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের সাবধান করে দেওয়া উচিত। তা হলে পরীক্ষার্থীরা সেভাবেই অভ্যস্ত হয়ে উঠবে। কমে আসবে নকলের প্রবণতাও।মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আজিজ উদ্দিন বলেন, প্রত্যন্ত অঞ্চলে নকলের প্রবণতা বাড়ার কারণ সম্পর্কে বলা যায়, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা সময়মতো শিক্ষা পাঠক্রম শেষ করার ব্যাপারে উদাসীনতা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরিচর্যার অভাব।বোর্ড সূত্রে জানা যায়, জেএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার দিন বান্দরবানের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কার হয় ১৯ জন। এদের মধ্যে ছিল খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১৭ জন, লক্ষ্মীছড়ি উপজেলার একজন এবং ফটিকছড়ি উপজেলার একজন পরীক্ষার্থী রয়েছে। এ ছাড়া ১১ নভেম্বর সাধারণ গণিত পরীক্ষায় নকলের অভিযোগে তিনজনকে বহিষ্কার করা হয়। এরাও খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী বলে জানা গেছে। ১৪ নভেম্বর সাধারণ বিজ্ঞান পরীক্ষায় টেকনাফ আলী আছিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের একজন পরীক্ষার্থী একই অভিযোগে বহিষ্কার হয়। এ বছরে চট্টগ্রাম বোর্ডের ১৯৩টি কেন্দ্র থেকে এক লাখ ৩৬ হাজার ৫১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। ৪ নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু হয়।