সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে গতকাল বুধবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে শিক্ষকদের একাংশ।
কর্মবিরতি চলাকালে দুপুর ১২টা থেকে তাঁরা প্রায় দেড় ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে অবস্থান নেন। এ সময় আন্দোলনকারী শিক্ষকেরা ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করার পরও পদত্যাগপত্র গ্রহণ না করার কারণ জানতে চান। রেজিস্ট্রার এ বিষয়ে তাঁদের জানালে পরে তাঁরা সেখান থেকে চলে যান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী ৩৫ জন শিক্ষক ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করে গত ২০ এপ্রিল পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এগুলো কেন গ্রহণ করা হয়নি—এ বিষয়ে শিক্ষকেরা জানতে চেয়ে তাঁর দপ্তরে অবস্থান নিয়েছিলেন। রেজিস্ট্রার বলেন, ‘উপাচার্যের অসুস্থতার কারণে ছুটিতে থাকায় পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। বিষয়টি জানানোর পর তাঁরা (শিক্ষকেরা) চলে যান।’
কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ১২ এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু করেন শিক্ষকদের একাংশ।