বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে ইউজিসির বার্ষিক প্রতিবেদন
শিক্ষকদের এক-তৃতীয়াংশই খণ্ডকালীন, গবেষণা নেই
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই খণ্ডকালীন। পিএইচডি ডিগ্রিধারী ও জ্যেষ্ঠ শিক্ষকের সংখ্যাও কম।
২৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে ২০১৫ সালে এক টাকাও খরচ হয়নি। গত বছর ১৫টি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট, ১৩টিতে একাডেমিক কাউন্সিল ও ১০টিতে অর্থ কমিটির সভা হয়নি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এসব চিত্র তুলে ধরা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত প্রতিবেদনটি কয়েক দিন আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দিয়েছে ইউজিসি। বর্তমানে ৯৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। ২০১৫ সালে ছিল ৮৫টি।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, যেকোনো বিশ্ববিদ্যালয়ের তিনটি শর্ত হলো জ্ঞান সৃষ্টি, জ্ঞান ধারণ ও জ্ঞান বিতরণ করা। জ্ঞান সৃষ্টি হয় গবেষণার মাধ্যমে। কতগুলো বিশ্ববিদ্যালয় তা সফলভাবে করার চেষ্টা করলেও কতগুলো তা করে না। যে কারণে অন্যদের বদনাম হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁরা সুপারিশ করেছেন।
ইউজিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষক ছিলেন ১৫ হাজার ৫৮ জন। এর মধ্যে ৪ হাজার ৮৭০ জন খণ্ডকালীন, যা আগের বছরের চেয়ে ৭৮ জন বেশি। খণ্ডকালীন শিক্ষকেরা অধিকাংশই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁদের মধ্যে অধ্যাপক ১ হাজার ৪১০ জন ও সহযোগী অধ্যাপক ৭৬৮ জন। পূর্ণকালীন ১০ হাজার ১৮৮ জন শিক্ষকের মধ্যে অধ্যাপক ৭০৮ জন, সহযোগী অধ্যাপক ৫৬৪ জন, সহকারী অধ্যাপক ২ হাজার ১৭৮ জন ও প্রভাষক ৬ হাজার ৫১২ জন। পূর্ণকালীন শিক্ষকদের মধ্যে পিএইচডি ডিগ্রি আছে ১ হাজার ১৬২ জনের। অথচ খণ্ডকালীন শিক্ষকদের মধ্যে ১ হাজার ৮২০ জনই পিএইচডি ডিগ্রিধারী।
গবেষণা নেই ২৮ বিশ্ববিদ্যালয়ে: উচ্চশিক্ষায় গবেষণা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও ২০১৫ সালে ২৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে এক টাকাও খরচ হয়নি। বাকি ৫৭টিতে কম-বেশি গবেষণা খাতে অর্থ ব্যয়ে হয়েছে। ওই বছরে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে ব্যয় ছিল প্রায় ৮১ কোটি টাকা। এর মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটিতেই সবচেয়ে বেশি ব্যয় হয়, প্রায় ২৭ কোটি টাকা। ব্যয়ে দ্বিতীয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি।
গবেষণায় এক টাকাও খরচ না হওয়া উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে সিটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, রয়েল ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি চট্টগ্রাম, অতীশ দীপংকর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। জানতে চাইলে সিটি ইউনিভার্সিটির উপাচার্য এন আর এম বোরহান উদ্দিন এ বিষয়ে কোষাধ্যক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। যোগাযোগ করলে কোষাধ্যক্ষ মজিবুর রহমান মিয়া এ বিষয়ে তথ্য জানাতে পারেননি।
সিন্ডিকেট সভা হয় না: ২০১৫ সালে সিন্ডিকেট সভা না করা ১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ব্রিটানিয়া ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।