শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকেরা সারা জীবন চাকরি শেষে বাড়ি ফেরার সময় একটি ছাতা আর একটি খদ্দরের চাদর নিয়ে অনেকটা খালি হাতে ফিরতেন। এখন আর অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের খালি হাতে বাড়ি ফিরতে হয় না। সারা জীবনের সঞ্চিত টাকা ট্রাস্টের মাধ্যমে এককালীন ফিরিয়ে দেওয়া হয়।তিনি গতকাল বুধবার সকালে বৃহত্তর সিলেটের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সিলেট বিভাগের ৮৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে ৯০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।ট্রাস্টের সদস্য অধ্যাপক বদরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এস এম আবদুল খালেক ও ট্রাস্টের সদস্যসচিব মো. শাহজাহান আলম।