শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্তির (বেতন বাবদ মাসিক সরকারি অংশ) দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের লাঠিপেটা করেছে পুলিশ। তাঁদের ওপর ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। এতে ২০-২৫ জন শিক্ষক আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পূর্বঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। এ ঘটনায় প্রেসক্লাব এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়ায় আশপাশের পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে দিনভর গোটা রাজধানীর যাতায়াতব্যবস্থার ওপর।এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষকনেতাদের জানানো হয়, আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসতে চেয়েছেন। আগামী রবি কিংবা সোমবার এই বৈঠক হতে পারে। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আশ্বাস পেয়ে শিক্ষকেরা তাঁদের কর্মসূচি স্থগিত করেন।নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আশ্বাস পেয়ে তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন।আন্দোলনরত শিক্ষকেরা অভিযোগ করেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয় ঘেরাওয়ের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তাঁরা হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে দিয়ে যেতে চাইলে পুলিশ কাঁটাতারের বেড়া দিয়ে তাঁদের আটকায়। একপর্যায়ে শিক্ষকেরা এই বাধা ভেঙে সামনের দিকে এগোতে গেলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এ সময় কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডুসহ ২০-২৫ জন শিক্ষক-কর্মচারী আহত হন। তবে শিক্ষকেরা অভিযোগ করেছেন, আহতের সংখ্যা ৫০ জনেরও বেশি হবে। আহতদের মধ্যে নিতাই চন্দ্র ও ফারুক হোসেন নামের দুজন বেশি আঘাত পেয়েছেন।তবে শিক্ষকদের লাঠিপেটার কথা অস্বীকার করে পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমান বলেন, লাঠিপেটার প্রশ্নই ওঠে না, বরং তাঁরা (শিক্ষক) নিষেধাজ্ঞা অমান্য করে ব্যারিকেড ভাঙেন, ইটপাটকেল ছোড়েন। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ায় শুধু কয়েকটি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ।এ ঘটনার পর শিক্ষকেরা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নিয়ে মিছিল-স্লোগান দেন। দুপুরের পর তাঁরা আবার সচিবালয় ঘেরাওয়ের জন্য প্রেসক্লাবের পূর্ব পাশের রাস্তা দিয়ে এগোতে গেলে আগে থেকেই দেওয়া পুলিশের কাঁটাতারের বাধায় আটকা পড়েন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান গতকাল বিকেলে কর্মসূচিস্থলে গিয়ে শিক্ষকদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এদিকে এ ঘটনার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক বিবৃতিতে বলেছেন, ‘শিক্ষক সমাজ তাদের দাবিদাওয়া নিয়ে অসম্মানিত হোক, হেনস্থা হোক, তা চাই না। গত মঙ্গলবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। সমাধানের পথ বের করার চেষ্টা করছেন।