সিরাজগঞ্জের এনায়েতপুরের খামারগ্রাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্রী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে তিন দিন ধরে ধর্মঘট পালন করছেন শিক্ষকেরা। দুর্ঘটনার পর শিক্ষার্থীদের সড়ক অবরোধে নিষেধ করায় অধ্যক্ষকে লাঞ্ছিত করেন তাঁরা। এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বহিষ্কারের দাবিতে শিক্ষকেরা ধর্মঘটের ডাক দেন।
কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গত রোববার সকালে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের চৌহালী উপজেলার এনায়েতপুর কেজি নতুন ওয়াপদা বাঁধের কাছে একটি অটোরিকশার ধাক্কায় ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাহেলা খাতুন ও ফেরদৌসী খাতুন গুরুতর আহত হয়। বর্তমানে তারা সিরাজগঞ্জ সদরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন। এ ঘটনায় শিক্ষার্থীরা ওই সড়ক অবরোধ করে একটি অটোরিকশা ভাঙচুর করেন। অধ্যক্ষ হায়দার আলী শিক্ষার্থীদের বাধা দিলে একপর্যায়ে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষকেরা গত সোমবার থেকে ধর্মঘটের ডাক দেন। পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দুর্ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে অধ্যক্ষ দেখতে না গিয়ে শান্তিপূর্ণ অবরোধে বাধা দেন। এ ছাড়া তিনি অটোরিকশাচালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ না নিয়ে উল্টো সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করাসহ ভয়ভীতি দেখাচ্ছেন।