শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বেতন ও গ্রেড সংক্রান্ত সমস্যা নিরসনের দাবিতে আজ বৃহস্পতিবার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করলেন দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
বেলা ১১টা থেকে একটা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা থাকলেও দেড়টার দিকে তা শেষ হয়। শিক্ষকেরা বলেছেন, দাবি পূরণ না হলে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির যে ঘোষণা ছিল, তা কঠোরভাবে পালন করা হবে।
‘কিছু সংখ্যক আমলা ষড়যন্ত্র করে এই সংকট সৃষ্টি করেছেন’ উল্লেখ করে তাঁরা ওই আমলাদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন।
এর আগে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শ্রেণিকক্ষ ছেড়ে কলা ভবনের সামনে বটতলায় সমাবেশে যোগ দেন। সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা সরকারেরই প্রতিশ্রুতি বলে তাঁরা মনে করেন। কিন্তু সে প্রতিশ্রুতি বেতন স্কেলে প্রতিফলিত হয়নি। তাঁরা মনে করছেন, এটি প্রতিফলিত না হওয়ার জন্য একটি মহল কাজ করছে। শিক্ষকেরা আশা করছেন, আজকের কর্মসূচির পর ওই মহলটিও বিষয়টি অনুধাবন করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ওই সমাবেশে আরও বক্তব্য দেন শিক্ষক আখতারুজ্জামান, নাজমা শাহীন চৌধুরী, এ এস এম মাকসুদ কামাল, এ জে এম শফিউল আলম ভূঁইয়া প্রমুখ।
পরে এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, আজ দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়েছে।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও আজ একই দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতির পাশাপাশি নতুন কলা ভবনের করিডোরে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচিও পালন করেন তাঁরা।
এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন বলেন, শিক্ষকদের কাজ ঘণ্টা হিসেবে পরিমাপ করা যায় না। যাঁরা ঘণ্টা দিয়ে শিক্ষকদের পরিশ্রম মাপার চেষ্টা করছেন, তাঁরাই আজকের জটিলতা সৃষ্টি করেছেন। শিক্ষকদের প্রাপ্য সম্মান না দিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয়।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, শিক্ষকেরা মর্যাদার জন্য আন্দোলনে আছেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম, গণিত বিভাগের অধ্যাপক মো. শরীফ উদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান প্রমুখ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও আজ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা। বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতির পাশাপাশি কৃষি অনুষদের সামনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খন্দকার শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম সরদারের সঞ্চালনায় এক সমাবেশে শিক্ষকেরা বলেন, দাবি আদায় না হলে আগামী ১১ জানুয়ারি থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে।
এতে শিক্ষকদের মধ্যে অধ্যাপক মনোরঞ্জন দাস, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক খন্দকার মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মুহাম্মদ মহির উদ্দীন, অধ্যাপক আবু হাদী নূর আলী খান, অধ্যাপক মো. সাইদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আজ বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের করিডোরে অবস্থান কর্মসূচী পালন করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এমতাজ হোসেনের সভাপতিত্বে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনে যুগ্ম মহাসচিব অধ্যাপক এ এইচ এম আক্তারুল ইসলাম, সাবেক মহাসচিব অধ্যাপক রাশিদ আসকারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
আরও পড়ুন: