শিক্ষকদের কর্মবিরতি পালন, লাগাতার কর্মসূচির হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত অষ্টম পে-স্কেল পুনর্নির্ধারণের দাবি মানা না হলে ১১ আগস্টের পর থেকে লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গত রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলাকালে শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা এ হুমকি দেন।
আনন্দ কুমার সাহা বলেন, ‘প্রস্তাবিত বৈষম্যমূলক অষ্টম বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবিতে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে নিয়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছে। ১১ আগস্ট ঢাকায় আমাদের একটা সভা আছে। এরপরও যদি দাবি মানা না হয়, তবে ১১ আগস্টের পর থেকে লাগাতার কর্মসূচি পালন করা হবে। এমনকি অনশন কর্মসূচিও পালন করা হতে পারে।’
অবস্থান ধর্মঘট চলাকালে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাতিল সিরাজ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হাবীবুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ফজলুল হক প্রমুখ। এদিকে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতির ফলে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস হয়নি।
সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে চলতি মাসের মধ্যে শিক্ষকদের স্বতন্ত্র বেতনকাঠামো প্রণয়নের ঘোষণা ও এর বাস্তবায়ন, সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের বেতন-ভাতা জ্যেষ্ঠ সচিবদের সমতুল্য করা, অধ্যাপকদের বেতন-ভাতা সচিবের সমতুল্য করা এবং সহযোগী, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতনকাঠামো ক্রমানুসারে নির্ধারণসহ শিক্ষকদের যৌক্তিক বেতন স্কেল ও মর্যাদা নিশ্চিত করা।