শিক্ষকদের কর্মবিরতি, সরকারি কলেজে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম বেতনকাঠামোয় সিলেকশন গ্রেড বাদ দেওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দেশের সব সরকারি কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরগুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এতে ক্লাস-পরীক্ষা হয়নি, কলেজগুলোতে ছিল অচলাবস্থা।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে ৩০৫টি কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষা ক্যাডারে বর্তমানে প্রায় ১৪ হাজার শিক্ষক-কর্মকর্তা আছেন। সমিতির মহাসচিব আই কে সেলিমউল্লাহ খন্দকার প্রথম আলোকে বলেন, ১৮ সেপ্টেম্বরের মধ্যে সিলেকশন গ্রেড বহাল ও বেতন-বৈষম্য নিরসনে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে তাঁরা ১৯ ও ২০ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। তিনি বলেন, সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকেরা কর্মবিরতি পালন করেছেন।
ঢাকা কলেজের এই শিক্ষক বলেন, এবার পে-স্কেলটি ভালো ছিল। কিন্তু সিলেকশন গ্রেড বাদ দেওয়াসহ কিছু সমস্যার কারণে শিক্ষকেরা এটি ভালোভাবে উপভোগ করতে পারছেন না।
শিক্ষকেরা বলেছেন, সিলেকশন গ্রেড বাদ দেওয়ার কারণে তাঁরা বেতন ও মর্যাদা নিয়ে বৈষম্যের শিকার হবেন। অধ্যাপকের পদটি চতুর্থ গ্রেডের হলেও সিলেকশন গ্রেড থাকায় এত দিন ৫০ শতাংশ অধ্যাপক গ্রেড ৩-এ যেতে পারতেন। সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় সেটাও বন্ধ হয়ে গেল।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে প্রেষণে কর্মরত শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কর্মসূচির প্রতি তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে।
পূর্বঘোষিত এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকে সরকারি কলেজের শিক্ষকেরা কলেজে গেলেও কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নেননি। রাজধানীর তিতুমীর সরকারি কলেজে গিয়ে মূল ফটক বন্ধ পাওয়া যায়। ফটকে শিক্ষকদের পক্ষ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি লেখা-সংবলিত ব্যানার টানিয়ে রাখা হয়েছে। ব্যানারে লেখা, অধ্যাপকদের সিলেকশন গ্রেড না থাকার অর্থ পদ অবনমন, যা অপমানজনক। পরে ছোট প্রবেশপথ দিয়ে ভেতরে গিয়ে দেখা যায়, হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী আছেন। কোনো ক্লাস হয়নি। কয়েকজন শিক্ষক বলেন, তাঁরা কোনো ক্লাসে অংশ নেননি। তবে পদার্থ ও রসায়ন বিভাগে ব্যবহারিক পরীক্ষা হয়েছে।
ঢাকা কলেজ, মিরপুর বাঙলা কলেজসহ আরও কয়েকটি কলেজেও একই চিত্র দেখা গেছে। ঢাকার বাইরের কলেজগুলোতে কর্মবিরতির পাশাপাশি প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, মৌন মিছিল করেছেন শিক্ষকেরা।
কুমিল্লার ১১টি সরকারি কলেজে ক্লাস ও পরীক্ষা হয়নি। সকাল ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষকেরা কর্মসূচির সমর্থনে ক্যাম্পাসে মৌন মিছিল করেন। চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলার ১০টি সরকারি কলেজের শিক্ষকেরা কর্মবিরতি পালন করেন।
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষকেরা কর্মবিরতির পাশাপাশি মানববন্ধন করেন। সকালে শিক্ষকেরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে সমবেত হন। বেলা সাড়ে ১১টার সময় তাঁরা কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন। মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষকেরা কর্মবিরতির পাশাপাশি প্রতিবাদ সভা করেন।
ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ কমার্শিয়াল কলেজ ও দুটি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকেরা কর্মবিরতির পাশাপাশি সমাবেশ করেন। শেরপুর সরকারি কলেজ ও শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকেরা কর্মবিরতি ও মানববন্ধন করেন।
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজেও ক্লাস-পরীক্ষা হয়নি। কক্সবাজার সরকারি কলেজের শিক্ষকেরা কর্মবিরতির পাশাপাশি বেলা ১১টায় শিক্ষক মিলনায়তনে সভা করেন।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিবিএ ও মাস্টার্স প্রিলিমিনারির দুটি পরীক্ষার কেন্দ্র ছিল যেসব কলেজে, সেগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার; পাবনা ও ময়মনসিংহ অফিস; মৌলভীবাজার, শেরপুর ও মুন্সিগঞ্জ প্রতিনিধি)