শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, আজ থেকে ক্লাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের এক দিন পর গতকাল মঙ্গলবার লাগাতার কর্মবিরতি স্থগিত করেছেন সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আজ বুধবার থেকে তাঁরা ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও গ্রেড-সংক্রান্ত সমস্যা নিরসনের দাবিতে লাগাতার কর্মবিরতির নয় দিনের মাথায় এই ঘোষণা এল। এর আগে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সাধারণ সভা করে।
জানতে চাইলে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আজ থেকেই তাঁরা ক্লাসে যাবেন। তিনি বলেন, ৩ ফেব্রুয়ারি ফেডারেশনের পর্যালোচনা সভা ডাকা হয়েছে। তাঁরা আশা করছেন, সরকার এই সময়ের মধ্যে তাঁদের দাবি পূরণ করবে। আর তা না হলে ওই পর্যালোচনা সভায় পরবর্তী করণীয় ঠিক করা হবে।
নতুন বেতনকাঠামোতে গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে ফেডারেশনের ডাকে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
এ অবস্থায় গত সোমবার গণভবনে আন্দোলনরত শিক্ষকনেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে গত রোববার শিক্ষাসচিব সোহরাব হোসাইনের কাছে লিখিত প্রস্তাবও দেন শিক্ষকেরা। এতে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মোট অধ্যাপকের মধ্য থেকে ৫ শতাংশকে ডিস্টিঙ্গুইশড (বিশিষ্ট বা সম্মানিত) অধ্যাপক করার প্রস্তাব দেন শিক্ষকেরা। এই পদের মূল বেতন হবে জ্যেষ্ঠ সচিবের সমান। একই সঙ্গে আগের মতো মোট অধ্যাপকের মধ্য থেকে ২৫ শতাংশকে গ্রেড-১ করাসহ কিছু বিকল্প প্রস্তাবও দিয়েছেন তাঁরা।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা যাতে গ্রেড-৩ থেকে গ্রেড-১-এ যেতে পারেন সে জন্য পদোন্নতির সোপান তৈরির কাজ করছেন তাঁরা। অন্য দাবিগুলোও কীভাবে পূরণ করা যায় তা নিয়ে কথা হচ্ছে।
দুই সচিবের সঙ্গে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির বৈঠক: প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির নেতারা গতকাল সচিবালয়ে জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও স্থানীয় সরকার সচিব আবদুল মালেকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন তহবিলে ইউএনওদের সই থাকার সিদ্ধান্তের বিষয়ে আপত্তি তোলা হয়। তবে গতকাল বেতন নিয়ে আলোচনা হয়নি। বৈঠক শেষে সমন্বয় কমিটির প্রধান আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রথম আলোকে বলেন, বৈঠকে তাঁরা (দুই সচিব) বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যেসব অসামঞ্জস্য রয়েছে তা দূর করা হবে। আর বেতন নিয়ে আরেকটি সভা হবে।