সরকারি কলেজগুলো আজও ফাঁকা

অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল এবং অন্যান্য শিক্ষকের পদমর্যাদা উন্নীতকরণের দাবিতে দেশের সরকারি কলেজের শিক্ষকেরা দ্বিতীয় দিনের মতো আজ রোববারও কর্মবিরতি পালন করছেন। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ক্লাস ও পরীক্ষা হচ্ছে না।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মবিরতির কারণে আগেই দুই দিনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। গতকাল শনিবার ও আজ রোববারের পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সরেজমিনে ঢাকা কলেজে গিয়ে দেখা গেছে, সেখানে ছাত্রদের উপস্থিতি নেই। হাতেগোনা কয়েকজন কলেজের করিডরসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন। কোনো ক্লাস হচ্ছে না। রসায়ন বিভাগের একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকেরা এ কর্মবিরতি পালন করছেন।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খন্দকার প্রথম আলোকে বলেন, সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তাঁরা আশা করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের এই দাবি পূরণ করবেন।
অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবিতে দেশের সব সরকারি কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে দুদিনের কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা (মূলত কলেজশিক্ষক)। গতকাল শনিবার এ কর্মবিরতির প্রথম দিনেও দেশের সরকারি কলেজগুলোতে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।
আরও জানতে পড়ুন
ক্লাস-পরীক্ষা হয়নি