বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুসারে চলতি মাসের প্রতি রোববার প্রতিদিন তিন ঘণ্টা করে কর্মবিরতির ডাক দিয়েছে ট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও প্রস্তাবিত বেতনকাঠামো সংশোধনের দাবিতে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল মনছুর এবং সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী যৌথ বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুসারে চলতি মাসের প্রতি রোববার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তিন ঘণ্টার সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে বিশ্ববিদ্যালয়গুলোতে। এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ১৬ আগস্ট তিন ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালিত হবে। পাশাপাশি একই সময় অবস্থান ধর্মঘট পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে দাবির পক্ষে শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করা হবে।’
বিবৃতিতে বলা হয়, ‘একই দাবিতে ২৩ ও ৩০ আগস্ট সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তিন ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে।’