এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (শিক্ষা ভবন) ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দিয়েছে। পুলিশ কাঁদানে গ্যাস প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির (বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি টাকা) দাবিতে কর্মসূচির দ্বিতীয় দিন ছিল গতকাল। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালনের পর গতকালও একই স্থানে অবস্থান এবং শিক্ষা ভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা দেয় ঐক্যজোট।গতকাল সকালে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর আন্দোলনরত ঐক্যজোটের শিক্ষকেরা দুপুর সোয়া ১২টায় মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে রওনা দেন। কিন্তু কদম ফোয়ারার কাছে কাঁটাতারের বেড়া দিয়ে পুলিশ তাঁদের বাধা দেয়। শিক্ষক-কর্মচারীরা কাঁটাতারের বেড়া ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাঁদের ওপর তরল কাঁদানে গ্যাস ছিটিয়ে দেয়। গ্যাসের ঝাঁজ সইতে না পেরে শিক্ষক-কর্মচারীরা ছত্রভঙ্গ হয়ে প্রেসক্লাবের দিকে চলে যান। পরে মিছিল নিয়ে তাঁরা পল্টন মোড়ে গিয়ে সমাবেশ করেন। বিকেলে আবার প্রেসক্লাবের সামনে সমাবেশ করে আজ বুধবার শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাওয়ের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।ঐক্যজোটের সভাপতি এশারত আলী প্রথম আলোকে নতুন কর্মসূচির কথা জানান। শিক্ষক-কর্মচারী নেতারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।ঘেরাও কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই কৌশল পরিবর্তন করে তরল গ্যাস দেওয়া হয়।’শিক্ষকদের দাবি ও কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন মহাপরিচালক ফাহিমা খাতুন তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘মাউশি শিক্ষক-কর্মচারীদের চালায়। সুতরাং তাঁদের দাবির প্রতি আমরা সহনশীল। এর পরও প্রতিটি সরকার একটি কর্মপরিকল্পনা করে থাকে। যেখানে অর্থের সংশ্লিষ্টতা আছে। প্রক্রিয়ার মাধ্যমে হয়তো ভবিষ্যতে সরকার তাঁদের বিষয়টি দেখবে।’আবারও যানজটে দুর্ভোগ: গতকালের এই কর্মসূচির কারণে পুলিশ প্রেসক্লাবের পশ্চিম দিকে কাঁটাতারের বেড়া দিয়ে দুই দিকের রাস্তাই দিনভর বন্ধ করে রাখে। এতে প্রেসক্লাবের সামনে দিয়ে যান চলাচল বন্ধ থাকায় এলাকায় যানজটের সৃষ্টি হয়। আগের দিনও ঐক্যজোটের কর্মসূচির কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।শিক্ষামন্ত্রীকে ফ্রন্টের অনুরোধ: ২০ জানুয়ারির মধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। বিকেলে জাতীয় প্রেসক্লাবে ফ্রন্টের বর্ধিত সভায় এ অনুরোধ জানানো হয়। শিক্ষক নেতা কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুরো শিক্ষাব্যবস্থার জাতীয়করণ, মুক্তিযুদ্ধ চলাকালে মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের ফাঁসিসহ বিভিন্ন দাবি করা হয়।উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে কয়েক ধরনের ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।