শিক্ষকদের কর্মসূচিতে ফের বাধা
কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের কর্মসূচি পালনে গতকাল শুক্রবারও বাধা দিয়েছে পুলিশ। শিক্ষকেরা শহীদ মিনারে অনশনে বসতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে জড়ো হয়ে কর্মসূচি পালনের উদ্যোগ নিলে সেখান থেকেও পুলিশ তাঁদের সরিয়ে দেয়।আজ শনিবার সকাল ১০টায় আবারও শিক্ষকেরা কর্মসূচি পালনের জন্য শহীদ মিনারে জড়ো হবেন বলে শিক্ষকনেতারা জানিয়েছেন। ঐক্যজোটের সভাপতি মো. এশারত আলী প্রথম আলোকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকেরা ঘরে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিবন্ধনপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করাসহ চার দফা দাবিতে গত সোমবার থেকে শিক্ষকেরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। বুধবার শিক্ষা ভবন ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে তাঁরা সংঘর্ষে জড়ান। বৃহস্পতিবার শহীদ মিনারে অনশন শুরু করেন। সেখানে পুলিশ তাঁদের ওপর একধরনের তরল গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। গতকাল শহীদ মিনার থেকে শিক্ষকদের সরিয়ে দেওয়ার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমতি না নিয়েই শিক্ষকেরা কর্মসূচি পালন করছিলেন। এ ছাড়া শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে হাইকোর্টেরও বিধিনিষেধ রয়েছে। এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন থেকেই আন্দোলন করে আসছেন শিক্ষকেরা। গত বছর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে বৈঠক করেন তাঁরা। ১ সেপ্টেম্বর তাঁদের কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করে। এরপর শিক্ষকনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পর কর্মসূচি স্থগিত করেন শিক্ষকেরা। ওই বৈঠকও পরে স্থগিত করা হয়।এসব ঘটনার পর গত ৩০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দাবি মেনে নিতে সরকারকে ৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকেরা। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় সোমবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁরা।