
শিক্ষকদের কল্যাণে সরকার সম্ভাব্য সবকিছু করবে—এমন আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। শিক্ষকদের সমাজের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁদের অসন্তুষ্ট রেখে শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্য ধরে রাখা যাবে না।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের কৃতী সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন বেতন স্কেল ঘোষণার সঙ্গে সঙ্গে মন্ত্রিসভার একই বৈঠকে শিক্ষকদের দাবি পূরণের লক্ষ্যে মন্ত্রিপরিষদ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে ওই কমিটি সম্ভাব্য সব ব্যবস্থা নেবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের সময় ৫৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল, তখন তাদের নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তিনি বলেন, ২৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে নিজস্ব ক্যাম্পাসে চলে গেছে। অবশিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অর্ধেক জমি কিনেছে ও নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার অপেক্ষায় আছে। অন্যগুলোকে চাপ দেওয়া হচ্ছে।
সাংবাদিকদের উদ্দেশ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের লেখা পড়ে, আপনাদের আলোচনা থেকে আমরা সমৃদ্ধ হই, অনুপ্রাণিত হই, অনেক ক্ষেত্রে দিকনির্দেশনাও পাই। আপনাদের লেখা অনেকÿক্ষেত্রে আমাদের ভুল শোধরাতেও সাহায্য করে।’ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাসহ দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার কথা তিনি উল্লেখ করেন। বক্তৃতার শুরুতে ডিআরইউ সদস্য মোহাম্মদ আওলাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তৃতা করেন কুদ্দুস আফ্রাদ, ইলিয়াস হোসেন, আরিফুর রহমান, রফিকুল ইসলাম আজাদ, ফেরদৌস মোবারক, নাশরাত আর্শিয়ানা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়; যাদের মধ্যে এসএসসি পরীক্ষায় ১৭, এইচএসসি পরীক্ষায় ১২ এবং ‘ও’ লেভেল পরীক্ষায় দুজন কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।