শিক্ষকদের কাছ থেকে টাকা ‘হাওলাত’ শিক্ষা কর্মকর্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু জরিপের তথ্য লিপিবদ্ধ (ডাটা এন্ট্রি) ও সিডি তৈরি করার কথা বলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়েছিলেন ফুলপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা। জেলা শিক্ষা কর্মকর্তার কাছে শিক্ষকদের অভিযোগের পর সেই টাকা এখন ফেরত দেওয়া হচ্ছে।শিক্ষকেরা জানান, গত বছরের শিশু জরিপের তথ্য লিপিবদ্ধ ও সিডি তৈরি করার কথা বলে ‘যত খানা তত টাকা’ হিসাবে গত জানুয়ারিতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের কাছ থেকে এক লাখ ৩৩ হাজার টাকা আদায় করেছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অমিতাভ দেবনাথ।সূত্র জানায়, উপজেলায় সরকারি, বেসরকারি ও কমিউনিটি মিলে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৩৮টি। স্কুলগুলোতে খানার সংখ্যা এক লাখ ৩৩ হাজার।তারাকান্দা থানা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, তাঁর স্কুলের অধীনে খানা (শিক্ষার্থীদের পরিবার) সংখ্যা ৫০২টি। সে হিসাবে তিনি ৫০২ টাকা দিয়েছেন। পরে তিনি জানতে পারেন, শিক্ষকদের এই টাকা দিতে হয় না। তিনি জানান, গত জানুয়ারিতে ৫০ জনেরও বেশি প্রধান শিক্ষক টাকা নেওয়ার বিষয়টি লিখিতভাবে জেলা শিক্ষা কর্মকর্তাকে জানান। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই টাকা ফেরত দিতে রাজি হন।চরসল্পা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বলেন, তাঁর কাছ থেকে নেওয়া হয়েছিল ৪৬৫ টাকা। কিন্তু এখন ফেরত দেওয়া হচ্ছে ৩৯০ টাকা। তিনি বলেন, খরচের কথা বলে তাঁদের টাকা কম দেওয়া হচ্ছে।জানা যায়, চারজন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা স্কুলের প্রধান শিক্ষকদের এই টাকা ফেরত দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তা শিশু জরিপের সিডি তৈরি করার কথা বলে এই টাকা নিয়েছেন। এখন আমাদের দিয়ে ফেরত দেওয়া হচ্ছে।’উপজেলা শিক্ষা কর্মকর্তা অমিতাভ দেবনাথের দাবি—চাঁদা নয়, হাওলাত হিসেবে ওই টাকা নেওয়া হয়েছিল।যত টাকা নেওয়া হয়েছে, তার চেয়ে কম দেওয়া হচ্ছে কেন?—এই প্রশ্নের জবাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ‘খরচ-টরচ আছে তো। তাই।’সরকারি কাজের জন্য তিনি কেন ব্যক্তিগতভাবে টাকা ধার করতে গেলেন? এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি অমিতাভ দেবনাথ। তিনি জানান, ডাটা এন্ট্রির জন্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে দুই ধাপে এক লাখ ৩১ হাজার টাকা দেওয়া হয়েছে।