শিক্ষকদের কাছে টাকা নিলেন ইউএনও ও শিক্ষা কর্মকর্তারা!
সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে রেজিস্টার্ড বেসরকারি শিক্ষকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বেসরকারি শিক্ষকদের অভিযোগ, গত ফেব্রুয়ারিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশের রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সম্পর্কে ইউএনও এবং প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কাছে চারটি (বিদ্যালয়ের সার্বিক অবকাঠামো, শিক্ষক, বিদ্যালয়ের সম্পত্তি ও দায়দেনা এবং শ্রেণীকক্ষ ও শিক্ষার্থীসংক্রান্ত) তথ্য চাওয়া হয়। সরবরাহ করা তথ্যের ওপর ভিত্তি করে বিদ্যালয়গুলো সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে।শিক্ষকেরা অভিযোগ করেন, বিদ্যালয়সংক্রান্ত বিভিন্ন তথ্য মার্চের ১৮ তারিখ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর কথা থাকলেও ইউএনও তা করেননি। বিদ্যালয়গুলোতে নানা গরমিল রয়েছে উল্লেখ করে ইউএনও স্থানীয় শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষকনেতাদের মাধ্যমে শিক্ষকদের কাছে অর্থ দাবি করেন। দাবি করা টাকা না দেওয়া হলে বিদ্যালয়গুলো সম্পর্কে নেতিবাচক তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে শিক্ষকদের হুমকি দেন ইউএনও। নাম প্রকাশে অনিচ্ছুক শিবপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক জানান, প্রায় সব শিক্ষকের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। বিদ্যালয় ও শিক্ষক-সম্পর্কিত তথ্য সঠিকভাবে পাঠানোর ক্ষেত্রে দেখভাল করতে উজান যাত্রাপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধীর সরকারকে আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়কসহ আরও কয়েকজন শিক্ষকদের কাছ থেকে টাকা তুলেছেন। তবে রণধীর প্রথম আলোকে বলেন, ‘আমি শিক্ষকদের কাছ থেকে কোনো টাকা তুলিনি। কাউকে ঘুষও দেওয়া হয়নি।’ অনেক শিক্ষক জানান, উপজেলায় রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন ২০৬ জন। প্রত্যেকের কাছ থেকে ৬৮০ টাকা করে আদায় করছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়াল। মুষ্টিমেয় কয়েকজন বাদে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাই ওই টাকা দিয়েছেন। ওই টাকা থেকে এরই মধ্যে এক লাখ টাকা ইউএনওকে দেওয়া হয়েছে। বাকি টাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে শিক্ষকেরা অভিযোগ করেছেন। তবে আবদুল আউয়াল তাঁর মাধ্যমে টাকা তোলার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘কোনো ধরনের টাকার লেনদেন হয়নি। শিক্ষকেরা ভেবেছিল হয়তো টাকা দিলে তথ্য পাঠানোর বিষয়টি দ্রুত হবে, এ জন্য কেউ কেউ উদ্যোগ নিয়ে থাকতে পারেন। তবে সেটার সঙ্গে আমরা কেউই সম্পর্কযুক্ত নই।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান জানান, ঘুষের মাধ্যমে তথ্য পাঠানোর কোনো কাজ হয়নি। ইউএনও মহিউদ্দিন কবীর বলেন, ‘এটি আমাদের বিরুদ্ধে মিথ্যা একটি তথ্য। আমি কোনো শিক্ষকের কাছে ঘুষ দাবি করিনি বা নিইনি। শিক্ষকেরা টাকা তুলেছেন—এ তথ্যও আমার জানা নেই।’ গত ১৮ মার্চ তথ্য পাঠানোর শেষ তারিখ থাকলেও যথাসময়ে কেন তা পাঠাননি—এ প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ‘আমি একটি কাজে ঢাকা ছিলাম। তাই যথাসময়ে তথ্য সরবরাহ করা সম্ভব হয়নি। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের জমিজমাসংক্রান্ত কাগজপত্রও সঠিক ছিল না, এসব কাগজপত্র ঠিকঠাক করতে দেরি হয়ে গেছে।’