শিক্ষকদের কোচিং বন্ধে মাউশির চিঠি
প্রায় চার বছর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা একটি নীতিমালায় বলা হয়েছিল, সরকারি-বেসরকারি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার কোনো শিক্ষক তাঁর নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে দিনে অন্য প্রতিষ্ঠানের সীমিতসংখ্যক (১০ জনের বেশি নয়) শিক্ষার্থীকে পড়াতে পারবেন।
নীতিমালা জারির শুরুর দিকে কড়াকড়ির কারণে কোচিং-প্রাইভেট কিছুটা নিয়ন্ত্রণ হলেও কিছুদিন পর শিক্ষকেরা আবারও আগের মতো কোচিং-প্রাইভেটে ব্যস্ত হয়ে পড়েন। এ রকম পরিস্থিতিতে আবারও এই নীতিমালা বাস্তবায়নে কাজ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি গতকাল বুধবার (স্বাক্ষর ২৮ এপ্রিল) এক চিঠিতে ২০১২ সালের জুনে জারি করা নীতিমালাটি অনুসরণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছে। চিঠিতে বিষয়টি তদারক করার জন্য মাউশির অধীন আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে স্বাক্ষর করেছেন মাউশির সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস। তিনি প্রথম আলোকে বলেন, নীতিমালাটি বেশ আগের করা। তাই এটি বাস্তবায়ন করতে সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য এই চিঠি দেওয়া হয়েছে।
প্রস্তাবিত শিক্ষা আইনেও কোচিং-প্রাইভেট বন্ধের বিধান রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলাকালে কোনো শিক্ষক কোচিং করাতে পারবেন না।