কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোয়ার্টারে ঢুকে দুই শিক্ষকের দুটি ল্যাপটপ ও ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। গত শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করেছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর আবাসিক কোয়ার্টারের ১০১ নম্বর কক্ষে থাকেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. খলিলুর রহমান। একই কোয়ার্টারের তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষে থাকেন রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ আতিকুর রহমান। গত শুক্রবার বিকেল চারটায় খলিলুর রহমান কুমিল্লা শহরে ব্যক্তিগত কাজে যান। আর আতিকুর তাঁর স্কুলজীবনের এক সহপাঠীকে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ক্যাম্পাস দেখাতে নিয়ে যান। সন্ধ্যা ছয়টায় আতিকুর তাঁর কক্ষের সামনে এসে দেখেন দরজার তালা নষ্ট। এরপর ভেতরে ঢুকে দেখেন ল্যাপটপ নেই। ড্রয়ারে রাখা ৪০ হাজার টাকাও নেই। পরে এ খবর পেয়ে খলিলুর রহমান শহর থেকে এসে দেখেন তাঁর কক্ষে ল্যাপটপ ও ১ লাখ টাকা নেই।
এ প্রসঙ্গে ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘ক্যাম্পাসে এবং ডরমিটরিতে আমরা কতটা নিরাপদ, এ হচ্ছে তার নমুনা। ডরমিটরিতে কোনো ধরনের নিরাপত্তাপ্রহরী নেই। সিসি ক্যামেরাও নেই।’
আরেক শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, ‘আমি নিজেই বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সহকারী প্রক্টর। অথচ আমার কক্ষ থেকেই টাকা ও ল্যাপটপ খোয়া গেছে। ল্যাপটপে আমার থিসিস পেপার, ক্লাস লেকচার ও প্রকাশনার লেখা রয়েছে। এগুলো না পেলে অপূরণীয় ক্ষতি হবে।’
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে এ ধরনের ঘটনা দুঃখজনক। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে।