শিক্ষকদের ক্যাডারভুক্ত না করলে আইনি পদক্ষেপের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে জাতীয়করণ হতে যাওয়া দেশের ২৮৩টি বেসরকারি কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডারভুক্ত করার দাবি জানিয়েছে ওই সব কলেজশিক্ষকদের একটি সংগঠন। যদি তা না করে নন-ক্যাডার করা হয়, তাহলে তাঁরা আইনি পদক্ষেপ নেবে।

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি ও আইনি পদক্ষেপের হুমকি দেন ‘জাতীয়করণ তালিকাভুক্ত কলেজশিক্ষক পরিষদ’ নামের সংগঠনটির আহ্বায়ক মো. ফারুক হোসেন। তবে তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের ক্যাডারভুক্ত করেই আত্তীকৃত করার ব্যবস্থা নেবেন। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয়করণের উদ্যোগকে নস্যাৎ করার অপকৌশল চালাচ্ছে ঘাপটি মেরে থাকা সরকারবিরোধী চক্র। সংবাদ সম্মেলনে আরও কয়েকজন শিক্ষক বক্তৃতা করেন।

দেশের যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজ জাতীয়করণ করছে সরকার। তবে ওই সব কলেজের শিক্ষকেরা শিক্ষা ক্যাডারভুক্ত বিবেচিত হবেন, নাকি ‘নন-ক্যাডার’ হবেন, সেটি এখনো ঠিক করতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে জাতীয়করণ হতে যাওয়া শিক্ষকদের দ্বন্দ্ব তৈরি হয়েছে। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বলছেন, তাঁরা কলেজ জাতীয়করণের বিপক্ষে নন। তবে জাতীয়করণ হওয়া কলেজশিক্ষকদের ক্যাডারে অন্তর্ভুক্ত হওয়া তাঁরা কোনোভাবেই মানবেন না। প্রয়োজনে তাঁরাও আইনি ব্যবস্থা নেবেন।