শিক্ষকদের ক্লাস বর্জন
পুলিশি হয়রানির অভিযোগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার চাঁদপুর টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছেন শিক্ষকেরা। গত বৃহস্পতিবার থেকে এ আন্দোলন কর্মসূচি শুরু করেন তাঁরা।
প্রতিষ্ঠানটির মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক লুৎফর রহমান বলেন, অধ্যক্ষ ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির মধ্যে বিরোধ রয়েছে। অধ্যক্ষ এ জন্য অযথা শিক্ষকদের দায়ী করছেন। তিনি এ ব্যাপারে বাগাতিপাড়া থানায় অভিযোগও দিয়েছেন। এতে গত বুধবার পুলিশ এসে শিক্ষকদের হয়রানি করে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ করা হয়। ওই সমাবেশ থেকেই শিক্ষকেরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করেন।
বাগাতিপাড়া থানার এসআই রোস্তম আলী জানান, অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতে তিনি কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে কলেজে গিয়েছিলেন। তবে শিক্ষকদের কোনোভাবেই হয়রানি করা হয়নি। এ ব্যাপারে বারবার মুঠোফোনে যোগাযোগ করেও অধ্যক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।