শিক্ষকদের ক্লাস বর্জন অব্যাহত আটক ৫
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার চতুর্থ দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখেন বিএনপিপন্থী সোনালী দলের শিক্ষকেরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলমান নিয়োগ প্রক্রিয়া বন্ধ এবং শিক্ষকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে গত রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করছেন বিএনপিপন্থী শিক্ষকেরা। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিএনপিপন্থী শিক্ষকদের সঙ্গে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহসভাপতি আমিনুল ইসলামের হাতাহাতি হয়। ছাত্রলীগের ওই নেতা প্রাণনাশেরও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন শিক্ষকেরা।
সোনালী দলের সভাপতি মো. ইদ্রিস মিয়া বলেন, নিয়োগ প্রক্রিয়া বন্ধ এবং বহিরাগতকে গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে বহিরাগত একটি মেয়ে ও চারটি ছেলেকে ল্যাপটপ হাতে বসে থাকতে দেখা যায়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শিবির সন্দেহে দুপুরে তাঁদের আটক করা হয়।