শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবারও অধিকাংশ শিক্ষক ক্যাম্পাসে আসেননি। ফলে অধিকাংশ বিভাগেই ক্লাস হয়নি। শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছে শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক সংগঠন শাপলা ফোরামের শিক্ষকেরা সকাল থেকে ক্যাম্পাসে এলেও শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলনরত কোনো শিক্ষকই ক্যাম্পাসে আসেননি। ফলে অধিকাংশ বিভাগেই কোনো ক্লাস হয়নি। বিশ্ববিদ্যালয়ের তিনটি শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ এবং গ্রিন ফোরামের শিক্ষকেরা পৃথক সংবাদ বিবৃতিতে জানায়, শিক্ষকদের ওপর হামলার পর শিক্ষকদের নিরাপত্তার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো আশ্বাস না দেওয়ায় তাঁরা ক্যাম্পাসে যাওয়া থেকে বিরত থাকছেন। উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, শিক্ষকদের নিরাপত্তাসহ হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রশাসনিক তৎপরতা অব্যাহত আছে। গত শনিবার শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভেতর শিক্ষক লাউঞ্জে অবস্থানের সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। এতে ২৫ জন শিক্ষক আহত হন।