শিক্ষকদের কয়েকটি বিষয়ে প্রশিক্ষণ দিতে ভারতের প্রস্তাব
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন। গতকাল বুধবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন হাইকমিশনার। জবাবে মন্ত্রী শিগগির বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় শিক্ষামন্ত্রী জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বছরের প্রথম দিনে বই বিতরণ, শিক্ষাক্রম যুগোপযোগীকরণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণসহ গত সাড়ে চার বছরে বাংলাদেশের শিক্ষা খাতের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের অকৃত্রিম সহযোগিতার কথাও স্মরণ করেন।ভারতের হাইকমিশনার বর্তমান সরকারের সময়ে এ দেশের শিক্ষা খাতে অগ্রগতির প্রশংসা করে বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ শিক্ষা খাতে লক্ষণীয়ভাবে এগিয়ে যাচ্ছে। এ দেশের নারী উন্নয়ন বিশ্বের অনেক দেশের অনুকরণীয় বিষয়ে পরিণত হয়েছে। তিনি বাংলাদেশের শিক্ষা খাতের যেকোনো উন্নয়নে ভারতের সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।হাইকমিশনার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী ‘সাক্ষরতা, শান্তি ও উন্নয়ন’ শীর্ষক সার্ক মন্ত্রীপর্যায়ের সম্মেলনে শিক্ষামন্ত্রীকে ভারতের মানবসম্পদ বিকাশমন্ত্রী এম এম পল্লম রাজুর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।হাইকমিশনারের সঙ্গে হাইকমিশনের প্রথম সচিব (শিক্ষা) মৃণালিনী শ্রীবাস্তব উপস্থিত ছিলেন।