রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে একটি বিভাগে অনিয়ম করে চেয়ারম্যান পদে পরিবর্তন আনার অভিযোগ উঠেছে। এই অভিযোগ তোলায় কলেজ প্রশাসনের পক্ষ নিয়ে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীকে গালাগাল করে মারধরের হুমকি দিয়েছেন। গতকাল মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী তিন বছর পর পর বিভাগীয় চেয়ারম্যান পরিবর্তন হওয়ার কথা। কিন্তু মার্কেটিং বিভাগে চেয়ারম্যান পদে থাকা ওয়াসিউল মাসুমের মেয়াদ তিন বছর হওয়ার আগেই তাঁকে বাদ দিয়ে গত সোমবার আবদুর রশীদ নামে আরেক শিক্ষককে চেয়ারম্যান করা হয়। এ ঘটনায় গতকাল শিক্ষকেরা অধ্যক্ষের কাছে প্রতিবাদ জানান। বিভাগের কিছু শিক্ষার্থীও প্রতিবাদ জানান। শিক্ষকেরা বিভাগে এলে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে প্রতিবাদ জানানো শিক্ষক ও শিক্ষার্থীদের গালাগাল করেন। তাঁরা মারধরেরও হুমকি দেন। তবে কলেজের অধ্যক্ষ আবু বকর চৌধুরী বলেন, বেসরকারি কলেজে তিন বছর পর পর বিভাগীয় চেয়ারম্যান পরিবর্তন করতে হবে, এমন নিয়ম নেই। পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মার্কেটিং বিভাগে একজন জ্যেষ্ঠ শিক্ষককে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। গালাগালের অভিযোগ ঠিক নয়।