শিক্ষকদের ঘোষণা: তালা না খুললে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোয় তালা ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে শিক্ষকেরা আগামীকাল শনিবার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার শিক্ষক সমিতি জরুরি বৈঠক করে ক্লাস বর্জনের ঘোষণা দেয়। ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্যের কার্যালয় ও বাংলোর তালা খুলে না দিলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন চলবে বলেও হুমকি দিয়েছেন শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বুধবার রাত ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে উপাচার্যের বাংলোয় তালা ঝুলিয়ে দেন। এ সময় ভেতরে আটকা পড়েন উপাচার্যের গাড়িচালক আক্কাস আলী ও নিরাপত্তা প্রহরী খোকন। তবে রাতে তাঁরা বাংলোর ছাদ টপকে বেরিয়ে আসেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত উপাচার্যের বাংলোয় তালা ঝুলছিল। এর আগে গত শনিবারও উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিলেন ছাত্রলীগের নেতারা। গতকাল শিক্ষকদের জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক গৌতম বুদ্ধ দাস। গৌতম প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ নামধারী কয়েকজন ছাত্রের কাছে গোটা ক্যাম্পাস জিম্মি। ক্যাম্পাসে সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমাদের মনে হচ্ছে না। কয়েকজন ছাত্র ক্যাম্পাসে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। সর্বশেষ তারা উপাচার্যের বাংলোয় তালা লাগিয়ে গাড়িচালক ও প্রহরীকে আটকে রাখে। তাই আমরা শনিবার এক দিনের কর্মসূচি দিয়েছি। এর মধ্যে উপাচার্যের দপ্তর ও বাংলোর তালা খুলে না দিলে আমরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি শুরু করব। তবে পরীক্ষা কর্মসূচির আওতার বাইরে থাকবে।’এদিকে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন গতকাল বৃহস্পতিবার জরুরি সভা করে উপাচার্যের বাংলোয় তালা ঝোলানোর নিন্দা করে। অফিসার্স সমিতির আহ্বায়ক সুলতান মাহমুদ সভায় সভাপতিত্ব করেন।ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন উপাচার্যের বাংলো ও কার্যালয়ে তালা দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘উপাচার্যের আশীর্বাদপুষ্ট কিছু শিক্ষক কর্মসূচি দিয়েছেন। এতে আমরা ভীত নই।’