শিক্ষকদের চাকরিচ্যুত ও হয়রানি করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের চাকরিচ্যুত ও হয়রানি করা হচ্ছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে অযোগ্য, অর্ধশিক্ষিত ও দলীয় ব্যক্তিরা অন্তর্ভুক্ত হচ্ছেন। সরকারদলীয় ব্যক্তিদের লেজুড়বৃত্তি করতে না পারলে চাকরিতে বহাল থাকা কঠিন হয়ে পড়েছে।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল শনিবার বিএনপি-সমর্থিত বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সমিতির নেতারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের নিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিরা এ পেশায় থাকবেন না, নতুন কেউ আসবেনও না। তাঁরা শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কলেজ শিক্ষক সমিতির সভাপতি, মিরপুর কলেজের অধ্যক্ষ মো. ইসহাক হোসেন। উপস্থিত ছিলেন অধ্যক্ষ হারুনুর রশিদ পাঠান, অধ্যক্ষ মুজিবুর রহমান হাওলাদার, এ কে এম আবদুল্লাহ, অধ্যক্ষ মো. ইউনুস মোল্লা, মাকসুদা রেজা প্রমুখ। সম্মেলনে বলা হয়, শিক্ষাকে দলীয়করণ করায় এখন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা ভীতসন্ত্রস্ত থাকেন। হামলা, মামলা ও চাকরি হারানোর ভয়ে বেশির ভাগ শিক্ষক সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারেন না। এ প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু খবরের কথা তাঁরা উল্লেখ করেন।