শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছরই থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জরুরি সিনেট সভায় শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছরই পুনর্বহাল করা হয়েছে। গতকাল শুক্রবার প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছর উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম দায়িত্ব নেওয়ার পর বিশেষ সিনেট সভার মাধ্যমে শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ থেকে দুই বছর বাড়িয়ে ৬৭ বছর করা হয়। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় বিষয়টি ঝুলে ছিল। গত ২৭ জুন ৩৪তম বার্ষিক সিনেট সভায় এ নিয়ে আলোচনা হয়। আলোচনায় অধিকাংশ সিনেট সদস্য চাকরির বয়সসীমা বাড়ানোর বিরোধিতা করেন। ওই পরিস্থিতিতে বয়স বাড়ানোর সিদ্ধান্তটি স্থগিত করা হয়। সর্বশেষ গতকাল জরুরি সিনেট সভায় চাকরির বয়সসীমা ৬৫ বছর পুনর্বহাল করা হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, বিশেষ সিনেট সভার মাধ্যমে চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানো হয়েছিল। কিন্তু এই সিনেটে ৬৫ বছরই পুনর্বহালের সিদ্ধান্ত হয়।
এদিকে বিগত বছরগুলোতে অনুষ্ঠিত সিনেট সভায় সাংবাদিকদের প্রবেশ করতে দিলেও এবার সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। প্রবেশের অনুমতি না পাওয়ায় সিনেট কক্ষের সামনে বিকেল পাঁচটার দিকে ১০ জন সাংবাদিক অপেক্ষা করেন। তাঁরা প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার পর চলে যান।
জানতে চাইলে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, জরুরি সভা হওয়ায় সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।