শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত, আধুনিক প্রযুক্তিতে দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। এ জন্য আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে দেশকে পরিবর্তন করতে সবার আগে শিক্ষকদের উন্নতি করতে হবে। এ লক্ষ্যে শিক্ষকদের জন্য আলাদা বেতনকাঠামো তৈরি করা হবে। গতকাল শনিবার দুপুরে মাদারীপুরের শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘নতুন প্রজন্ম ভবিষ্যৎ গড়ে তোলার আসল শক্তি। আমরা চাই, নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধের জাগরণ। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০২১ সালে আমাদের মুক্তিযুদ্ধ বিজয়ের ৫০ বছর পূর্তি হবে। সে বছরের মধ্যেই আমাদের এ নতুন প্রজন্ম দেশকে এই পরিবর্তন করবে।’ শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনকে উপজেলার একটি মডেল বিদ্যালয় হিসেবে ঘোষণা করেন তিনি। এ জন্য বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৩৫ কোটি টাকা ব্যয় করা হবে বলে তিনি জানান। শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সামসুদ্দিন খানের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী, সাবেক সাংসদ মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল কবির, সহকারী পুলিশ সুপার শেখ রাসেল, নবীন ও প্রবীণ শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।