শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের জন্য সরকার আলাদা বেতন স্কেল করার কথা ভাবছে। শিক্ষকেরা যাতে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারেন, সে জন্য এটা করা হবে। শিক্ষামন্ত্রী গতকাল বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কে ইনস্টিটিউট প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক মো. জসিম উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য মো. আলাউদ্দিন। এতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিদের নামে শোকপ্রস্তাব পড়েন শিল্পী মনসুর-উল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক আবুল মনসুর, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমীন ও সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী।নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘প্রচলিত শিক্ষাব্যবস্থায় সমাজের পরিবর্তন হবে না। তাই শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন দরকার। আধুনিক, মানসম্মত যুগপোযোগী শিক্ষার দরকার। এ সব প্রয়োজনের কথা ভেবে সামগ্রিক শিক্ষায় মৌলিক পরিবর্তনের লক্ষ্যে আমরা সবার মতামতের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছি।’নতুন জাতীয় শিক্ষানীতির গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চেয়েছি জাতীয় শিক্ষানীতি হবে সর্বজনগ্রাহ্য। এ শিক্ষানীতির ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছি। দলমত-নির্বিশেষে সবাই এতে সমর্থন দিয়েছে। আমরা শিক্ষানীতির পরিপূর্ণ বাস্তবায়নের ব্যাপারে আশাবাদী।’মন্ত্রী বলেন, ‘এ বছর আমরা সারা দেশে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ২৩ কোটি ২০ লাখ বই বিনা মূল্যে বিতরণ করেছি। শুধু এক দিনেই তিন কোটি ২০ লাখ শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে পেরেছি। ফলে প্রতিবছর শিক্ষার উপকরণ কেনাসহ নানা আর্থিক টানাপোড়েনে যেখানে আমাদের দেশে ৪৮ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ত, এ বছর সে হারও আমরা কমিয়ে আনতে পেরেছি।’নুরুল ইসলাম নাহিদ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একজন শিল্পীকে হতে হবে সমাজসচেতন। তাঁদের কাজে সমাজের কথা, সাধারণ মানুষের কথা উঠে আসতে হবে। সাধারণ মানুষকে বাদ দিয়ে সফল হওয়া যায় না। তিনি পর্যায়ক্রমে ইনস্টিটিউটে ছাত্রী হোস্টেলসহ অন্যান্য সমস্যার সমাধানের আশ্বাস দেন।