শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল চার বছরের মধ্যে বাস্তবায়ন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করা হবে। যা বর্তমান সরকারের মেয়াদের চার বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার বিষয়টি শিক্ষাক্ষেত্রে সরকারের সাফল্যের পরিচয় বহন করে। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণ করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক প্রমুখ।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি ছিল বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া। এখন আর টাকা দিয়ে কাউকে বাইরে থেকে বই কিনতে হয় না। তিনি বলেন, কালিয়াকৈরের হাইটেক পার্কে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় হবে। এটি হবে বিশ্বের সেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক বলেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে জনগণের প্রতিক্রিয়া হচ্ছে, কেউ দোষী সাব্যস্ত হলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আর দোষী সাব্যস্ত না হলে খালাস। এর মাঝে আর কোনো শাস্তি তারা গ্রহণযোগ্য বলে বিবেচনা করছে না।