প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেলের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।সেখানে উপাচার্যদের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের দাবি জানানো হয়। ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে চেয়ারম্যান লিখিতভাবে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে, ইউজিসিকে উচ্চশিক্ষা কমিশন বা উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে রূপান্তর করা (যার প্রধান থাকবেন মন্ত্রী অথবা মন্ত্রীর পদমর্যাদার কেউ), শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো, ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের অবস্থান সাংসদদের পরের ধাপে নির্ধারণ করা ও আগারগাঁওয়ে ইউজিসির পাশের জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোর জন্য উচ্চশিক্ষা কমপ্লেক্স নির্মাণ করা।একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রথম আলোকে জানান, উপাচার্যরাও তাঁদের বক্তব্যে উল্লিখিত দাবির পাশাপাশি উপাচার্যদের জন্য সম্মানীভাতা বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বাজেট বৃদ্ধির দাবি জানিয়েছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, উপাচার্যরা শিক্ষা ক্ষেত্রে ও নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের শুধু সরকারের মুখাপেক্ষী না হয়ে নিজ নিজ উদ্যোগে তহবিল গঠনের আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত প্রসার ঘটেনি। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নজরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।