শিক্ষকদের ডরমিটরি নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য ডরমিটরি ভবন নির্মাণকাজে নিম্নমানের রড ব্যবহার, সিমেন্ট-বালুর মিশ্রণে অনিয়ম এবং দৈর্ঘ্য-প্রস্থের হেরফের-সংক্রান্ত নানা রকম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।সম্প্রতি এ-সংক্রান্ত কাজ তদারকির জন্য বিশ্ববিদ্যালয়ের একটি পরিদর্শক দল ডরমিটরির কাজে অনিয়মের অভিযোগ তুললে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে শিক্ষকদের জন্য নির্মাণাধীন দ্বিতীয় ডরমিটরি ভবনের কাজ শুরু হয় গত বছরের ৫ ডিসেম্বর। স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নির্মাণ প্রকৌশলী’র ঠিকাদার রাজু আহমেদের ঠিকাদারিতে কাজটি চলছিল। ১৭ জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ তদারকির কাজে নিয়োজিত পরিদর্শক দল পরিদর্শনে এসে অনিয়মের অভিযোগ তোলে। দলটি কাজের স্থান পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায়। তাদের অভিযোগ, ডরমিটরি ভবন সিমেন্ট বালুর মিশ্রণ ১ অনুপাত ৫ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ১ অনুপাত ৯। বিএসআরএমের ৬০ গ্রেডের রড ব্যবহারের কথা থাকলেও সেখানে কেএসআরএম ও এসএসআরএমের ৪০ গ্রেডের নিম্নমানের রড ব্যবহার করা হয়েছে। ফাউন্ডেশন-পিলারের দৈর্ঘ্য-প্রস্থ যেমন মাপে দেওয়ার কথা, তার এক-তৃতীয়াংশ কমিয়ে নির্মাণ করা হয়েছে। এসব কারণে ভবনের ফাউন্ডেশন দুর্বল হয়ে গেছে বলে পরিদর্শক দলটি অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার আইন অনুষদের ডিন অধ্যাপক শাহজাহান মণ্ডলকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির এক সদস্য প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার নির্মাণস্থল পরিদর্শন করেছি। অভিযোগগুলোর মধ্যে রডের বিষয়টির সত্যতা পাওয়া গেছে। তবে সব অভিযোগ খতিয়ে দেখতে আরও কিছুদিন সময় লাগবে।’ এদিকে ঠিকাদার রাজু আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, নির্মাণে কোনো অনিয়ম হয়নি। তবে নিম্নমানের রড ব্যবহারের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘আমার অজান্তে ম্যানেজার ওই রড নিয়ে এসেছিল।’ ব্যবস্থাপককে ওই দিনই বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘এ বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’