শিক্ষকদের কর্মসূচি স্থগিত, কাল মন্ত্রিসভা কমিটির বৈঠক
শিক্ষকদের দাবির বিষয়ে সরকার 'ইতিবাচক'
সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পৃথক বেতনকাঠামো ও তাঁদের পদমর্যাদা রক্ষার দাবির বিষয়ে সরকার ইতিবাচক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি শিক্ষকদের আশ্বাস দিয়েছেন, এ সমস্যা সন্তোষজনকভাবে সমাধানের চেষ্টা চলছে। এ জন্য কাল রোববার বেতনবৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ডাকা হয়েছে।
শিক্ষামন্ত্রীর এই আশ্বাসে আন্দোলনরত শিক্ষকেরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখবেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি পূরণ না হলে সেদিন থেকে তাঁদের লাগাতার কর্মবিরতি শুরুর কথা ছিল। পৃথক বেতনকাঠামোর জন্য দ্রুত একটি কমিশন গঠন এবং অষ্টম বেতন স্কেলে গ্রেড সমস্যা নিরসনের জন্য সরকারকে গতকাল শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে গতকাল সন্ধ্যার পর শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজধানীর হেয়ার রোডে তাঁর সরকারি বাসভবনে বৈঠক করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদউদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামাল। এই বৈঠকের আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষকদের দাবির বিষয়ে সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছে। কীভাবে এই দাবি সন্তোষজনকভাবে সমাধান করা যায়, সে জন্য চেষ্টা চলছে। এ জন্যই অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেতনবৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ডাকা হয়েছে। রোববার বেলা একটায় কমিটির প্রধান অর্থমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। আলোচনা করে শিক্ষকদের মানমর্যাদা যাতে অক্ষুণ্ন থাকে, সেটা ঠিক করা হবে। তবে সরকারের সিদ্ধান্ত খুব ইতিবাচক। তিনি আশা করেন, এ রকম পরিস্থিতিতে শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা চালিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।
বৈঠকের পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি মন্ত্রিসভা কমিটির বৈঠকের মাধ্যমে প্রক্রিয়াটি শুরু হবে। আজকের (শুক্রবার) আলোচনা শেষে মনে হয়েছে, সমাধানের পথেই যাচ্ছে। আমরাও আশা করছি, সুষ্ঠু সমাধানে এগিয়ে যেতে পারব।’ তিনি বলেন, রোববার সকাল ১০টায় ফেডারেশনের সাধারণ সভা হবে। সেখানে বিস্তারিত আলোচনা করে অবস্থান জানানো হবে।
তা হলে ১ নভেম্বর (রোববার) থেকে পূর্বঘোষিত লাগাতার কর্মবিরতি ওই দিন সকাল ১০টা পর্যন্ত স্থগিত থাকবে কি না—জানতে চাইলে ফেডারেশনের মহাসচিব প্রথম আলোকে বলেন, ‘সে রকমই বলতে পারেন। তবে ওই দিন ফেডারেশনের সাধারণ সভায় বিষয়টি চূড়ান্ত হবে।’
পৃথক বেতনকাঠামো ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে প্রায় পাঁচ মাস ধরে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।