শিক্ষকদের দায়িত্বহীনতা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গত বৃহস্পতিবার প্রশাসনিক কক্ষ তালা না লাগিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। স্থানীয় ব্যক্তিরা পরদিন বিষয়টি দেখার পর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানান। শুক্রবার রাতে প্রধান শিক্ষক তালা লাগান।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রিয়াজদ্দিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বৃহস্পতিবার দুপুরে তাড়াহুড়ো করে প্রশাসনিক কক্ষে (পাঠাগার) তালা না লাগিয়ে বাড়ি চলে যান। বিকেলে এলাকার শিশুরা মাঠে খেলতে গিয়ে প্রশাসনিক কক্ষ খোলা দেখতে পেয়ে কয়েকজনকে জানায়। পরদিন স্থানীয় কয়েকজন বিষয়টি ইউপি সদস্য আবদুস সামাদ শেখকে জানান। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খানকে জানান। প্রধান শিক্ষক শুক্রবার রাতে কক্ষটিতে তালা লাগান।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, শিক্ষকেরা নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে আসেন না। তার ওপর এভাবে কক্ষ খোলা রেখে চলে যাওয়া। শিক্ষকদের এমন দায়িত্বহীনতায় এলাকাবাসী বিস্মিত বলে মন্তব্য করেন তাঁরা।
এ বিষয়ে প্রধান শিক্ষক আলাউদ্দিন খান বলেন, এক শিক্ষকের সামান্য ভুল হয়েছিল। তিনি শনিবার (গতকাল) সকালে কক্ষটি খুলে একটু বাইরে গিয়েছিলেন। কিন্তু তালা শুক্রবার রাতে লাগানো হয়েছে—এর জবাবে তিনি আমতা আমতা করতে থাকেন।