শিক্ষকদের দুর্ব্যবহার গোয়ালন্দে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চৌধুরী আবদুল হামিদ একাডেমির কয়েকজন শিক্ষকের দুর্ব্যবহারের কারণে জীবন মৃধা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী গত বৃহস্পতিবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল শনিবার বিদ্যালয়ে ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করে। জীবন মৃধা রাজবাড়ী সদর উপজেলার কাচরন্দ গ্রামের মান্নান মৃধার ছেলে।
মান্নান মৃধা জানান, তিনি নৈশপ্রহরীর চাকরি করেন। অনেক কষ্টে ছেলের ফরম পূরণের তিন হাজার ৪৫ টাকা জোগাড় করে দিলেও বিদ্যালয় কর্তৃপক্ষ টাকা জমাদানের কোনো রসিদ দেয়নি। এমনকি ফরমে জীবনের সইও নেয়নি। বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে এর কারণ জানতে চাইলে প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক জীবনকে গালমন্দ করেন। একপর্যায়ে ওই শিক্ষকদের নির্দেশে জীবন কান ধরে বিদ্যালয় থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। ওই দিন দুপুরে সে আত্মহত্যা করে।
প্রধান শিক্ষক সুবল চন্দ্র রায় অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ঘটনার দিন বিদ্যালয়ে ছিলাম না। সময়স্বল্পতার কারণে জীবনসহ আরও পাঁচ শিক্ষার্থীর ফরম ১৮ নভেম্বর আমি নিজেই পূরণ করে ১৯ নভেম্বর বোর্ডে জমা দিই।’ টাকা নেওয়ার রসিদ দেননি ও ফরমে জীবনের সই নেননি কেন—জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।