শিক্ষকদের দ্বন্দ্ব, ভুগছে শিক্ষার্থীরা
প্রধান শিক্ষকের পদ নিয়ে দ্বন্দ্ব দুই শিক্ষকের। কিন্তু তার খেসারত দিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের দাবিদার একজন বিদ্যালয় ভবনে তালা দিয়ে রাখায় সেখানে পাঠদান প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের ভবন বন্ধ থাকায় ওই বিদ্যালয়েরই সহকারী শিক্ষক রুমানা জান্নাতের শ্বশুরবাড়ির বারান্দায় চার মাস ধরে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নলকা শমসের ইউছুফ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এই গভীর সংকটে পড়েছে। প্রধান শিক্ষকের পদ নিয়ে সহকারী শিক্ষক ফরিদা সুলতানা ও আকলিমা খাতুনের মধ্যে ২০১১ সাল থেকে দ্বন্দ্ব চলছে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মজিবর রহমান অভিযোগ করেন, ফরিদা সুলতানা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের আপন চাচাতো বোন। বারবার প্রতিমন্ত্রীর ক্ষমতা দেখিয়ে বিদ্যালয়ে তালা লাগিয়ে দিচ্ছেন তিনি। কোনো শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। বেশ কয়েকবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। বিদ্যালয়ের তালাও খুলে দিতে পারেননি। এ ব্যাপারে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান জানিয়েছেন, প্রতিমন্ত্রী তাঁকে বিদ্যালয়ের তালা খুলে দিতে নির্দেশ দিয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে চার শিক্ষক ও ১১৫ জন শিক্ষার্থী আছে। ওই চার শিক্ষক হলেন ফরিদা সুলতানা, আকলিমা খাতুন, সুরাইয়া ও রুমানা জান্নাত। তাঁদের মধ্যে শেষের তিনজন বর্তমানে পাঠদান করছেন।
প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আবুল হোসেন ওই বিদ্যালয় থেকে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর অবসর নেন। অবসরের এক দিন পর পরিচালনা কমিটি ফরিদা সুলতানাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। তিনি প্রায় এক বছর দায়িত্ব পালন করেন। কিন্তু তাঁর চেয়ে শিক্ষাগত যোগ্যতা বেশি থাকায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা খাতুন ২০১১ সালের ২৫ অক্টোবর প্রধান শিক্ষকের পদ দাবি করতে থাকেন। এ নিয়ে দুজনের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয়। প্রধান শিক্ষকের পদ পেতে কয়েক দিন পর জামালপুর জজ আদালতে মামলা করেন ফরিদা। ওই মামলায় জয়ী হন আকলিমা। এর পরও আকলিমা ও অন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে ঢুকতে দিচ্ছেন না ফরিদা। ফরিদা ও তাঁর লোকজন বিদ্যালয় ভবনের চারটি কক্ষে গত ৬ আগস্ট তালা দিয়ে রেখেছেন।
শিক্ষক আকলিমা বলেন, ‘আইনি লড়াই শেষে আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। রায়ের কপি নিয়ে বিদ্যালয়ে বারবার ঢোকার চেষ্টা করেছি। রায়ের কপি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকেও দিয়েছি। কিন্তু ফরিদা সুলতানা ও তাঁর লোকজন বিদ্যালয়ে আমাদের ঢুকতে দেননি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম রায়ের কপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সহকারী শিক্ষক ফরিদা সুলতানা আবারও হাইকোর্টে রায়ের বিরুদ্ধে রিট আবেদন করেছেন বলে শুনেছি। কাজেই এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, তিনি বেশ কয়েকবার দুই পক্ষকে তাঁর কক্ষে ডেকে নিয়ে সমাধান করার চেষ্টা করেছেন। কিন্তু ফরিদা সুলতানার স্বামী আবুল হোসেন কোনো কথা মানতে রাজি নন।
এ ব্যাপারে ফরিদা সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। বিদ্যালয়ে তালা লাগানোর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তাঁর স্বামী আবুল হোসেন দাবি করেন, ‘আমি তালা লাগাইনি। আমার স্ত্রী তালা লাগিয়েছে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আলিম বলেন, ‘আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। খুব শিগগির বিদ্যালয়ের তালা খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।’