শিক্ষকদের দ্বন্দ্বে ক্লাস বন্ধ, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিয়মিত ক্লাস নেওয়ার দাবিতে রংপুর নগরের রাধাকৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল শনিবার বিদ্যালয়ের সামনে রংপুর-পার্বতীপুর-বদরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুই পাশে যানবাহন আটকা পড়ে। যাত্রীরা দুর্ভোগ পোহান।
ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত এমপিওভুক্ত এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে অন্য শিক্ষকদের বিরোধকে কেন্দ্র করে এক মাস ধরে শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন না বলে শিক্ষার্থীরা অভিযোগ করে। এর ফলে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যাওয়া-আসা করলেও ক্লাস না করে বাড়ি ফিরে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়ে গতকাল তারা সড়ক অবরোধ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘উনার (প্রধান শিক্ষক) কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।’
প্রধান শিক্ষক এজাজুল ইসলাম বলেন, ‘কিছু জটিলতার কারণে ১৫ দিন ধরে ক্লাস নেওয়া হচ্ছে না।’ শিগগির এ সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।