মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আজিজুর
রহমান নির্বাচনী দায়িত্বে এলাকার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের না রাখার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে গত বুধবার বিকেলে বিএনপির প্রার্থী আজিজুর রহমান সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেছেন। কারণ, ওই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম ওরফে রেনু এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তৃতীয় দফায় ২৩ এপ্রিল এই ইউপিসহ উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন হবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও আবেদন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম ভূকশিমইলের বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়, ভূকশিমইল হাইস্কুল অ্যান্ড কলেজ, সপ্তগ্রাম উচ্চবিদ্যালয়, লতিফিয়া মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি ও মনসুরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদে ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি। এ অবস্থায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করা হলে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।