সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষক নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকছেন না। কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই কেউ কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত থাকছেন। কেউ কেউ রুটিন মাফিক কর্মস্থলে গিয়ে ক্লাস করেই কর্মস্থল ত্যাগ করছেন।শিক্ষা মন্ত্রণালয়ে প্রায় প্রতিদিনই এ ধরনের অভিযোগ আসছে। মন্ত্রণালয়ের নিজস্ব অনুসন্ধানেও এর প্রমাণ মিলেছে। এই প্রেক্ষাপটে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকতে বলা হয়েছে। মন্ত্রণালয় বলছে, ভবিষ্যতে এ ধরনের অবহেলা ও গাফিলতি করে অনুপস্থিতির জন্য দায়ী শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, প্রায় প্রতিদিনই অভিযোগ আসছে, শিক্ষকেরা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকছেন না। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আকস্মিক পরিদর্শনেও এর প্রমাণ মিলেছে। ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। এ কারণে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানকে সতর্ক করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নয়টি সরকারি কলেজে শিক্ষক উপস্থিতির প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে শিক্ষা মন্ত্রণালয় দেখেছে, ঝিনাইদহ সরকারি কেসি কলেজে ২০১০ সালের ২৩ জানুয়ারি ৫৯ জন শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন ৫৩ জন এবং ১৯ জানুয়ারি রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজে ৪৯ জন শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন ৪৬ জন। গত ১৮ জানুয়ারি সিলেট সরকারি মহিলা কলেজে ৩৮ জন শিক্ষকের মধ্যে ৩৪ জন, সিলেট সরকারি কলেজে ২৬ জন শিক্ষকের মধ্যে ২৫ জন, ফেনীর ফুলগাজী সরকারি কলেজে ১৩ জন শিক্ষকের মধ্যে ১১ জন, টাঙ্গাইলের করটিয়া সা’দত কলেজে ১০৬ জন শিক্ষকের মধ্যে ৯৪ জন, রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজে ৬৯ জন শিক্ষকের মধ্যে ৬৩ জন, লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজে ২৬ জনের মধ্যে ২৪ জন এবং মানিকগঞ্জের সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজে ৩১ জনের মধ্যে ২৯ জন শিক্ষক কর্মস্থলে উপস্থিত ছিলেন। সূত্রমতে, প্রকাশিতব্য প্রজ্ঞাপনে বলা হচ্ছে, দেশের অন্যান্য সরকারি কর্মকর্তা/কর্মচারীর মতো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিদিন (সরকারি ছুটি ছাড়া) নিয়মিত কর্মস্থলে উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো কোনো ক্ষেত্রে এই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া যাচ্ছে। শিক্ষকদের এ ধরনের আচরণ বা কার্যকলাপ গণকর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ ১৯৮২(খ) সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ ও (গ) সরকারি কর্মচারী (বিশেষ বিধান) ১৯৭৯-এর পরিপন্থী। এতে আরও বলা হয়েছে, সরকারি ও বেসরকারি কলেজে অনিয়মিত উপস্থিতি যাতে বন্ধ হয়, সে জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানপ্রধানদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এর আগে ২০০৯ সালে মন্ত্রণালয় থেকে সরকারি কলেজ শিক্ষকদের উপস্থিতি বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, শিক্ষকদের উপস্থিতি প্রতিনিয়ত তদারকি করার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টায় ই-মেইলে উপস্থিতির তথ্য পাঠাতে সরকারি কলেজের অধ্যাপকদের অনুরোধ জানানো হয়। কিন্তু শেষ পর্যন্ত কেউ নিয়মিত ওই তথ্য পাঠাননি।